ইয়াসির রাফা »
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৩১ নং আলকরণ ওয়ার্ড থেকে আওয়ামী লীগের কাউন্সিলর পদে মনোনয়ন পেয়েছেন মো. আবদুস সালাম মাসুম। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য পদের দায়িত্ব পালন করে আসছেন। আসন্ন এ নির্বাচনে ৩১ নং আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. আবদুস সালাম মাসুমকে নিয়ে এ ওয়ার্ডের জনসাধারণের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
আলকরণ ওয়ার্ডের আয়তন ০ দশমিক ৭৫ বর্গ কিলোমিটার। ২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী আলকরণ ওয়ার্ডের লোকসংখ্যা ১৬ হাজার ১৭৭ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৭৮৭ জন এবং মহিলা ৫ হাজার ৩৯০ জন।
গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া সম্পর্কে মো. আবদুস সালাম মাসুম বাংলাধারাকে বলেন, আল্লাহর দরবারে হাজার শুকরিয়া । দেশনেত্রী শেখ হাসিনার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তিনি আমাকে যোগ্য মনে করেছেন এ আমার পরম পাওয়া। নির্বাচিত হলে ইনশাল্লাহ ৩১ নং আলকরণ ওয়ার্ড মানুষের জন্য নিজের সর্বোচ্চটা দিয়েই কাজ করে যাবো। আশা করছি আলকরণ ওয়ার্ডের জনগণ আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখবেন।
নির্বাচিত হলে কি করবেন প্রসঙ্গে আবদুস সালাম মাসুম বাংলাধারাকে জানান, নির্বাচনে জয়ী হলে অত্র ওয়ার্ডের উন্নয়নের কাজ দ্রুত বাস্তবায়ন করবো। একটি সুন্দর,নান্দনিক ও স্বাস্থ্যসম্মত এলাকা গড়ে তোলাই হবে আমার কাজ। যেসব রাস্তাঘাটের বেহাল দশা তা ঠিকঠাক ভাবে মেরামতসহ এলাকায় অবস্থিত পুরাতন রাস্তাকে সংস্কার ও আধুনিকায়ন করবো। সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদক নির্মূলের জন্য কঠোর অবস্থান থাকবো। যুব সমাজকে মাদক মুক্ত ও ক্রীড়া বান্ধব পরিবেশ তৈরি করে দিবো। জলবদ্ধতা নিরসনে অগ্রাধিকার দেয়া হবে।
৩১ নং আলকরণ ওয়ার্ডের জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, তিনি আর্তমানবতার সেবায় নিয়োজিত কার্যক্রম ও অসুস্থ রোগীর মাঝে আর্থিক সহায়তা প্রদানসহ একক প্রচেষ্টায় সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পালন করে আসছেন। এছাড়াও নিয়মিত এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এবং জঙ্গিবাদবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছেন।
ব্যক্তিগত জীবনে মো.আবদুস সালাম মাসুম একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্ব।
তার সম্পর্কে উক্ত ওয়ার্ডে দীর্ঘ ২৯ বছর যাবত বসবাসকারী রহমত উদ্দিন বলেন, আবদুস সালাম মাসুম সাহেবকে এলাকাবাসী সব সময় নানা রকম কাজে পাশে পেয়েছে। তিনি সমাজের উন্নয়নে যেসব কর্মকাণ্ড করেন তা সত্যই প্রশংসনীয়।
মুদি দোকানদার ফয়সাল বলেন, এলাকার মানুষ তাকে চায়। তিনি যদি নির্বাচিত হয় তার প্রতি দাবি থাকবে সন্ত্রাস, চাঁদাবাজ এসব বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার। আশা করি তিনি এসব দাবি পূরণ করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সাদা মনের মানুষ নিয়ে দেশ গড়ার অঙ্গিকারে জনপ্রতিনিধি হিসেবে দলীয় ভাবে যাচাই-বাছাই করে তাকে মনোনয়ন প্রণয়ন করা হয়েছে। মো. আবদুস সালাম মাসুম সেই প্রত্যাশা পূরণ করবেন বলেই এলাকাবাসীর বিশ্বাস।
বাংলাধারা/এফএস/টিএম/ইরা












