৪ মার্চ ২০২৬

অক্সিজেন ব্যাংকে সিলিন্ডার দিলেন ক্রিকেট তারকা মুমিনুল

কক্সবাজার প্রতিনিধি  »

করোনা রোগীদের অক্সিজেন সেবা নিশ্চিত করতে এবার ‘কক্সবাজার অক্সিজেন ব্যাংক’কে দুটি অক্সিজেন সিলিন্ডার উপহার দিলেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক  মুমিনুল হক সৌরভ। রোববার (১৮ জুলাই) বিকেলে কক্সবাজার শহরের প্রধান সড়কে  অক্সিজেন ব্যাংকের নিজস্ব কার্যালয়ে এসে তিনি সিলিন্ডার ২টি হস্তান্তর করেন।

সিলিন্ডার দুটি মুমিনুল হকের হাত থেকে গ্রহন করেন কক্সবাজার অক্সিজেন ব্যাংকের প্রধান সমন্বয়ক ইশতিয়াক আহমদ জয়।মুমিনুলের পরিবার সূত্র জানায়, জিম্বাবুয়ের সাথে টেস্ট সিরিজ জিতে দেশে ফিরেই মুমিনুল কোরবানের ঈদ করতে শনিবার কক্সবাজার এসে পৌছেঁ।

কক্সবাজার অক্সিজেন ব্যাংকের প্রধান সমন্বয়ক ইশতিয়াক আহমদ জয় বলেন, মুমিনুল বাংলাদেশ ক্রিকেট দলের গর্বিত অধিনায়ক।  তিনি নিজ থেকে জেলাবাসীর এই বিপদে অক্সিজেন ব্যাংকের পাশে এসে দাঁড়িয়েছে । এজন্য তাঁর কাছে আমরা কৃতজ্ঞ। মুমিনুলের মত সমাজের বিত্তবানদের উচিৎ জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করা। অধিনায়ক মুমিনুলের ২টি সিলিন্ডার যোগ হওয়ায় আমাদের কাছে বর্তমানে ৩০টি সিলিন্ডার রয়েছে।

এবিষয়ে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুমিনুল হক বলেন, আমার জন্মভুমি কক্সবাজার শহর। এই শহরের ধূলোবালিতেই আমার বেড়ে ওঠা। এখানকার প্রতিটি মানুষ আমার আত্মার আত্মীয়। তাদের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। বিদেশে থাকতেই কক্সবাজার অক্সিজেন ব্যাংকের কথা আমি জানতে পারি। তখনই সিদ্ধান্ত নেই এই ব্যাংকের সাথে আমিও থাকব। তাই শনিবার কক্সবাজার আসার সময় আমি দুটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসি।

তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধ হয়েই করোনা মহামারীর বিরুদ্ধে লড়তে হবে। 

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ