২১ মার্চ ২০২৬

অপরাধী শনাক্তে ফেসবুক কর্তৃপক্ষের সহায়তা নিচ্ছে সরকার

বাংলাধারা ডেস্ক »

ভোলায় এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে নবীজির নামে কটূক্তির ঘটনায় কে আসল অপরাধী তা খুঁজে বের করতে ফেসবুক কর্তৃপক্ষের সহযোগিতা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, এরই মধ্যে এসব তথ্য ফেসবুক কর্তৃপক্ষের সিঙ্গাপুর অফিসে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে, দু-এক দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। তখন এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফেসবুক হ্যাকের শিকার ছেলে জানিয়েছেন- কয়েক দিন আগে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়। হ্যাককারীরা তার কাছে টাকাও দাবি করে। এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাদের কথোপকথন থেকে অর্থ দাবি করা ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে৷ এখন তাদের মধ্যে কথোপকথনের তথ্য-উপাত্ত অধিকতর তদন্তের জন্য আমরা এ-সংক্রান্ত তথ্য ফেসবুক কর্তৃপক্ষের সিঙ্গাপুর অফিসে পাঠিয়েছি। তাদের কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছি।

তিনি বলেন, এই ঘটনায় ফেসবুকে কার আইডিকে হ্যাক করা হয়েছে, কোথা থেকে এসব পোস্ট করা হয়েছে তা খতিয়ে বের করা হবে। সেই অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হবে।

সবাইকে নিজের হাতে আইন তুলে না নেয়ার জন্য অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব তদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত আমি সবার প্রতি অনুরোধ করব একটু অপেক্ষা করতে। সবার প্রতি আমাদের আবেদন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজের হাতে আইন তুলে নেবেন না।

প্রসঙ্গত, পুলিশের সঙ্গে রোববার (২০ অক্টোবর) ‘তৌহিদি জনতা’ র সংঘর্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলা সদর রণক্ষেত্রে পরিণত হয়। সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবকের হ্যাক করা ফেসবুক আইডি থেকে উদ্দেশ্যমূলকভাবে ‘ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট’ দেয়া কেন্দ্র করে দিনভর এ সংঘর্ষ হয়। এতে অন্তত দুই ছাত্রসহ চারজন নিহত এবং ৩০ পুলিশ সদস্যসহ শতাধিক লোক আহত হন। সংঘর্ষে আহত ৪৫ জনকে ভোলা সদর ও ৩০ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি, পুলিশ ও র‌্যাবের টহল জোরদার করার পর বিকেলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন