২০ মার্চ ২০২৬

অফিস ভাঙার জন্য ২ কোটি ক্ষতিপূরণ চাইলেন কঙ্গনা

বাংলাধারা ডেস্ক »

কঙ্গনা বলেন, নোটিশ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া পূর্ব পরিকল্পিত। রাজ্য সরকারের সঙ্গে তর্ক-বিতর্কের মাঝেই ভেঙে দেওয়া হয় কঙ্গনা রনৌতের অফিসের খানিকটা। অভিযোগ নিয়ম না মেনে এই স্থাপনা গড়া হয়েছে। এর জেরে ক্ষতিপূরণ চাইলেন বলিউড নায়িকা।

কঙ্গনার অভিযোগ, নোটিশ টাঙানো হয়েছিল সকাল ১০টা ৩৫ মিনিটে। তার আগেই বুলডোজার নিয়ে পুলিশ, পৌরসভা-কর্মীরা পৌঁছে যান তার পালি হিলের অফিস ভাঙতে।

এমন অভিযোগ তুলে বৃহন্মুম্বাই পৌরসভা (বিএমসি)-র কাছে দুই কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করলেন কঙ্গনা। পৌরসভার নোটিশের ভিত্তিতে বম্বে হাইকোর্টে দায়ের করা পিটিশন সংশোধন করে এই দাবি করেছেন তিনি।

বাংলোর ৪০ শতাংশ ভেঙে দিয়ে মূল্যবান আসবাব ও শিল্পকর্ম নষ্ট করা হয়েছে বলে অভিযোগ এ তারকার।

বান্দ্রার পালি হিলে ৫ নম্বর বাংলোতে কঙ্গনার অফিস ‘মণিকর্ণিকা ফিল্মস’। এই বাংলোর নির্মাণে নিয়মভঙ্গের অভিযোগ তুলে ৭ সেপ্টেম্বর অভিনেত্রীকে নোটিশ পাঠায় বিএমসি। কর্তৃপক্ষের দাবি, কঙ্গনার তরফে কোনো জবাব না পেয়ে ৯ সেপ্টেম্বর বাংলো ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই দিনই বুলডোজার দিয়ে বাংলো ভাঙা শুরু হয়। বাইরে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। শেষ পর্যন্ত বম্বে হাইকোর্ট ওই অফিস ভাঙার ওপর স্থগিতাদেশ দেয়।

নতুন পিটিশনে কঙ্গনার বক্তব্য, ‘‘অফিসের ৪০ শতাংশ ভেঙে দেওয়ার পাশাপাশি ঝাড়বাতি, সোফা, বিভিন্ন মূল্যবান শিল্পকর্ম নষ্ট করে দিয়েছে বিএমসি। নোটিশ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এভাবে সক্রিয় হয়ে অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা পূর্ব পরিকল্পিত।’’

অফিস ভাঙার ক্ষতিপূরণ হিসেবে ২ কোটি রুপি দাবি করেছেন অভিনেত্রী। এ ছাড়া বম্বে হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল, সেই নির্দেশ বহাল রাখার আরজিও জানানো হয়েছে নতুন আবেদনে।

বাংলাধারা/এফএস/ইরা

আরও পড়ুন