হাটহাজারী,চট্টগ্রাম »
চট্টগ্রামের হাটহাজারীতে সাবেক ইউএনও’র স্বাক্ষর জাল করে ঠিকাদার প্রতিষ্ঠানের ফাইল উপস্থাপন করার অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী দপ্তরের অফিস সহকারী নাজিয়ার বিরুদ্ধে । তার স্বামী মো. হাফিজ একেই দপ্তরের কার্য সহকারী।
বুধবার( ২৯সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি ফাইল উপস্থাপন করার সময় ঘটনার রহস্য উম্মেচিত হয়।
সুত্রে জানা যায়, হাটহাজারী উপজেলা রাজস্ব উদ্বৃত্ত (উপজেলা উন্নয়ন) ২০২০-২১ অর্থবছরে গড়দুয়ারা ইউপি এলাকায় ৪ লাখ ৯ হাজার ৪৯৪ টাকা বরাদ্দকৃত প্রকল্প ‘মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স’ নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠানের ফাইল উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের স্বাক্ষর জাল করেন উপজেলা প্রকৌশলী দপ্তরের অফিস সহকারী নাজিয়া। সাবেক ইউএনও’র স্বাক্ষর জাল করে গোপনীয় শাখায় ফাইলটি উপস্থাপন করার সময় ঐ শাখার কর্মকর্তার সন্দেহ হলে তিনি বর্তমান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলমকে অবগত করেন।
ঐ দিন বিকেলে উপজেলা প্রকৌশলীসহ ওই দপ্তরের সকল স্টাফগণ বিষয়টি নিয়ে বর্তমান ইউএনও শাহিদুল আলমের সাথে বৈঠক করেন।
এ বিষয়ে অভিযুক্ত নাজিয়া জানান, দীর্ঘদিন থাকার কারণে আমার পিছনে শত্রু সৃষ্টি হয়েছে। তারাই আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের ঘটনার সাথে আমি জড়িত না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন, সাবেক ইউএনও’র স্বাক্ষর জাল করেছে কিনা বিষয়টি খতিয়ে দেখছি। স্বাক্ষর জাল প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাধারা/এফএস/এফএস












