বাংলাধারা স্পোর্টস »
আগামী নভেম্বরেই সীমিত ওভারের ক্রিকেট খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে পাড়ি জমাবে ইংল্যান্ড। বুধবার (২১ অক্টোবর) ইংলিশদের সীমিত ওভারের সিরিজের সফরের অনুমতি দিয়েছে দক্ষিণ আফ্রিকার সরকার।
এক বিবৃতিতে এটি নিশ্চিত করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। পাশাপাশি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এই সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং সমান সংখ্যাক ওয়ানডে ম্যাচ খেলবে ইংল্যান্ড। সিরিজ শুরু হবে আগামী ২৭ নভেম্বর, আর শেষ হবে ৯ ডিসেম্বর। কেপ টাউন ও পার্লেতে অনুষ্ঠিত হবে পুরো সিরিজটি। করোনা সংক্রমণ প্রতিরোধে সবগুলো ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।
এই প্যানডেমিক সময়েও একের পর এক সিরিজ খেলে যাচ্ছে ইংল্যান্ড। ঘরের মাঠে এর মধ্যেই তিনটি সিরিজ খেলে ফেলেছে তারা। তবে ঘরের বাইরে এটিই তাদের প্রথম সিরিজ। অপরদিকে করোনা পরবর্তী সময়ে এটিই হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার প্রথম আন্তর্জাতিক সিরিজ।
বাংলাধারা/এফএস/ওএস












