২০ মার্চ ২০২৬

আইপিএলের থিম সং চুরি করে বানানো!

বাংলাধারা ডেস্ক » 

টুর্নামেন্ট শুরুর আগেই বিতর্কে জড়াল আইপিএল। সম্প্রতি প্রকাশিত হয়েছে এবারের আইপিএলের থিম সং। কিন্তু সেই গান ঘিরেই এবার তৈরি হয়েছে নতুন বিতর্ক। আইপিএলের থিম সংটিতে উঠেছে চুরির অভিযোগ!‌

র‌্যাপার কৃষ্ণা কাউল সরাসরি অভিযোগ জানিয়েছেন, চলতি বছরের আইপিএলের থিম সং নকল করা হয়েছে তার ২০১৭ সালের গান ‘দেখ কৌন আয়া ওয়াপস’ থেকে।

করোনা সংক্রমণের জেরে আসন্ন আইপিএল অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। তাও আবার দর্শকশূন্য স্টেডিয়ামে। যা কি না আগে কখনও হয়নি। আর তাই তো এবারের থিম সংটিও উৎসর্গ করা হয়েছে সেই ফ্যানদেরই। আইপিএল আবারও দেশের মাটিতে ফিরবে। দর্শকভর্তি ভরতি স্টেডিয়ামেই খেলা হবে। গানটি প্রকাশ্যে আসার পর অনেকেই সেটিকে পছন্দ করেন। কিন্তু এর মাঝেই কৃষ্ণার চুরির অভিযোগ সামনে আসে।

টুইটারে কৃষ্ণা লেখেন, ‘‌আমার গানের নকল করে আইপিএলের থিম সং বানানো হয়েছে। অথচ আমার কোনও সম্মতি নেওয়া হয়নি। ক্রেডিটও দেওয়া হয়নি। রিটুইট করুন, খবরটি ছড়িয়ে দিন। যাতে ওরা আর সহজে পার না পেয়ে যেতে পারে।‌’‌

যদিও ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই জানিয়েছে, এই চুরির কোনও তথ্য তাদের কাছে নেই। তবে ইতিমধ্যেই #IPLAnthemCopied হ্যাশট্যাগ টুইটারে ট্রেন্ডিং হয়ে গিয়েছে।

বাংলাধারা/এফএস/ইরা 

আরও পড়ুন