১৮ মার্চ ২০২৬

আখতারুজ্জামান ফ্লাইওভারে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার ( ১৮ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের উপরে জিইসি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ওসি ফেরদৌস জাহান।

নিহত জনি আক্তার (৩৭) চট্টগ্রাম নগরীর কালামিয়া বাজার এলাকায় থাকতেন। তার বাড়ি ঝিনাইদহ জেলায়। বাবার নাম মৃত হোসেন বিশ্বাস। তিনি পিসিএস নামে ক্ষুদ্রঋণভিত্তিক একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) চাকরি করতেন।

ঘটনাস্থলে যাওয়া চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব পাল বলেন, ‘আমরা জানতে পেরেছি- চান্দগাঁও-বহদ্দারহাট থেকে ঋণের কিস্তির টাকা তুলে তিনি মোটরসাইকেল চালিয়ে ফ্লাইওভার দিয়ে ফিরিঙ্গিবাজারের অফিসে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফ্লাইওভারে পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে জনি ছিটকে চলন্ত একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চালক ও সহকারীসহ ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলে এসআই রাজীব পাল জানান।

বাংলাধারা/এআই

আরও পড়ুন