বাংলাধারা ডেস্ক »
ব্রিটেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন আজ।
বুধবার (২৪ জুলাই) বিকেলে বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেবেন তাকে। দায়িত্ব নেয়ার আগে রাণির সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেবেন বর্তমান প্রধানমন্ত্রী টেরেসা মে। এরপর আজই নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন বরিস জনসন।
এর আগে মঙ্গলবার টোরি সদস্যদের ভোটাভুটিতে ৬৬ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে পররাষ্ট্র সচিব জেরেমি হান্টকে হারান জনসন।
বিজয়ী ভাষণে আগামী ৩১ অক্টোবরের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার কাজ, অর্থাৎ ব্রেক্সিট প্রক্রিয়া শেষ করার অঙ্গীকার করেছেন বরিস জনসন। ব্রেক্সিট নিয়ে প্রধানমন্ত্রী টেরেসা মে’র সঙ্গে মতপার্থক্যে গত বছর জুলাইয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন জনসন।
এদিকে দেশটির অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড ও শিক্ষামন্ত্রীসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতারা নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ না করার কথা জানিয়ে মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম/আরইউ












