বাংলাধারা প্রতিবেদন »
জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মুজিব বর্ষ ক্ষণগণনা আজ শুক্রবার (১০ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয়ভাবে বিকালে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিব বর্ষের কাউন্টডাউন আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর প্রতিটি জেলা, উপজেলা ও সকল পাবলিক প্লেসে একইসঙ্গে কাউন্টডাউন শুরু হবে।
এদিকে বন্দর নগরী চট্টগ্রামেও এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেসিয়াম চত্বরে ক্ষণগণনা অনুষ্ঠানের আজ বিকেল ৩ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচির ধারাবাহিকতায় বন্দর নগরী চট্টগ্রামে বিকাল ৩ টায় এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সরাসরি প্রদর্শন এবং চট্টগ্রাম স্থাপিত ৪টি ক্ষণগণনা যন্ত্র চালু করা হবে।
নগরীতে স্থাপিত চারটি ক্ষণগণনা ঘড়ির মধ্যে আন্দরকিল্লাহ পুরাতন নগর ভবনের সামনে ‘এ’ ক্যাটাগরি একটি, সার্কিট হাউজের সামনে, আদালত ভবণ এবং শাহ আমানত সেতু এলাকায় ‘বি’ ক্যাটাগরির তিনটি ‘কাউন্ট ডাউন ক্লক’ স্থাপন করা হয়েছে।
এছাড়া ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে স্মরণীয় করার লক্ষ্যে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি এন্ড ম্যাডস-এ ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস সকাল ১০ টায় ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীদেরকে যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
সারা দেশের ১২টি সিটি করপোরেশনের ২৮টি পয়েন্টে, বিভাগীয় শহরগুলো, ৫৩ জেলা ও দুই উপজেলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীতে মোট ৮৩টি পয়েন্টে কাউন্টডাউন ঘড়ি বসানো হবে।
২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের শততম বছর পূর্ণ হবে। বাংলাদেশ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই জন্ম শতবর্ষ উদযাপন করবে। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে একটি বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে।
জাতির পিতার শততম এ বার্ষিকী স্মরণীয় করে রাখতে সরকারের পাশাপাশি দলীয়ভাবেও কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি আতশবাজি উৎসবের মাধ্যমে শুরু হবে মুজিববর্ষের ক্ষণগণনা।
দেশ-বিদেশে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন, ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ এবং হাতে হাত রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতি গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হিসেবে অন্তর্ভুক্তকরণ। এছাড়া কনসার্টসহ নানা আনন্দ আয়োজন ও রক্তদানসহ সেবাধর্মী কর্মসূচি থাকবে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












