৩০ মার্চ ২০২৬

আজ মেয়রের দায়িত্ব নিচ্ছেন আতিক, তাপস রোববার

বাংলাধারা ডেস্ক »

ঢাকা উত্তর সি‌টি ক‌র্পো‌রেশন (ডিএন‌সি‌সি) নির্বাচ‌নে ভোটে জিতে দ্বিতীয় মেয়া‌দে আজ মেয়র হি‌সে‌বে দায়িত্ব নিচ্ছেন আতিকুল ইসলাম আতিক। ভারপ্রাপ্ত মেয়র মো. মোস্তফা জামালের কাছ থেকে এই দায়িত্ব বুঝে নেবেন তিনি।

এছাড়া আগামী ১৭ মে নতুন মেয়র হিসেবে দায়িত্ব বুঝে নেবেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। মেয়র হিসেবে এটাই তার প্রথম যাত্রা।

গত ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা মিলনায়তনে মেয়র হি‌সে‌বে শপথ নেন এ দুই জনপ্রতি‌নি‌ধি।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯-এর উপধারা (১)-এর (খ) ধারা অনুযায়ী, ‘নির্বাচিত মেয়র অথবা কাউন্সিলর করপোরেশনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কার্যভার গ্রহণ করিতে পারিবেন না।’ আর ধারা ৬-এ বলা হয়েছে, ‘করপোরেশনের মেয়াদ উহা গঠিত হইবার পর উহার প্রথম সভা অনুষ্ঠিত হইবার তারিখ থেকে পাঁচ বৎসর হইবে।’

এ কারণেই ডিএসসিসি নির্বাচনে জয়ী হওয়ার পরও মেয়রের চেয়ারে বসতে কয়েক মাস অপেক্ষা করতে হয়েছে ব্যারিস্টার ফজলে নূর তাপসকে। ডিএসসিসির চলমান বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৬ মে। ২০১৫ সালের ১৬ মে মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে প্রথম বোর্ড সভা হয়। এ হিসেবে ডিএসসিসিতে নবনির্বাচিত মেয়র তাপস দায়িত্ব গ্রহণ করতে পারবেন ১৭ মে।

সিটি করপোরেশন সূত্র জানা যায়, আগামী ১৭ মে অনাড়ম্বর পরিবেশে দায়িত্ব গ্রহণ করবেন নতুন মেয়র ফজলে নূর তাপস। উত্তরের মেয়র আতিকের অপেক্ষার পালা আজ শেষ হচ্ছে। আজ সকালে ভারপ্রাপ্ত মেয়রের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন তিনি।

২০১৭ সালের ১৫ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র আনিসুল হক অসুস্থ হয়ে পড়ার পর থেকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ করেন প্যানেল মেয়র মো. ওসমান গনি। ২০১৭ সালের ৩০ নভেম্বর আনিসুল হক মারা যান। ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর মারা যান প্যানেল মেয়র ওসমান গনি। এরপর দায়িত্ব গ্রহণ করেন আরেক প্যানেল মেয়র মো. জামাল মোস্তফা। এরপর ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসির উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই উপনির্বাচনে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম।

দ্বিতীয় মেয়াদে ডিএনসিসি নির্বাচনে আওয়ামী লীগ থেকে সমর্থন পাওয়ায় গত বছরের ৩০ ডিসেম্বর মেয়র পদ থেকে পদত্যাগ করেন মো. আতিকুল ইসলাম। এরপর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ করেন প্যানেল মেয়র মো. জামাল মোস্তফা। আজ দায়িত্ব নেবেন মেয়র আতিকুল ইসলাম।

দায়িত্ব গ্রহণ সম্পর্কে আতিকুল ইসলাম বলেন, আজ অনাড়ম্বর পরিবেশে দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণ করব। করোনার কারণে কাউকে কিছু বলা হয়নি। সবার দোয়া চাই। সচেতনতা ছাড়া মেয়র হিসেবে আমি এই চ্যালেঞ্জ উত্তরণ করতে সক্ষম হব না। নগরবাসীর সহযোগিতা চাই। নগরবাসী সচেতন করে করোনা ও ডেঙ্গু মোকাবিলা করাই হবে আমার অন্যতম চ্যালেঞ্জ। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন