বাংলাধারা ডেস্ক»
বাংলা চলচ্চিত্রের বৃহৎ নক্ষত্র শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহ। যাকে বলা হয় বাংলা সিনেমার ফ্যাশন আইকন। আজ তার প্রয়াণ দিবস। সিনেমা জগতে মাত্র তিন বছরের ক্যারিয়ারে জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করেছিলেন তিনি। জীবদ্দশায় মাত্র ২৭টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ১৯৯৬ সালের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এ নায়ক।
মৃত্যুর ২৬ বছর পেরিয়ে গেলেও এখনও জানা সম্ভব হয়নি রহস্যজনক মৃত্যুর কারণ। অপমৃত্যু নাকি হত্যাকাণ্ড এখনও রয়েছে ধোঁয়াশা।
তবে সালমান শাহ হত্যা মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে করা রিভিশন মামলা বিচারের জন্য গ্রহণ করেছেন আদালত। গত ১২ জুন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ রিভিশন আবেদন গ্রহণ করে আগামী ২৬ অক্টোবর পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন।
মৃত্যুবার্ষিকীতে দেশব্যাপী দোয়া, মিলাদ ও কোরআন খতমসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে তার পরিবার ও সালমান শাহ’র ভক্ত-অনুরাগীরা।
১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দাড়িয়াপাড়ায় অবস্থিত নানাবাড়িতে জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। দুই ভাইয়ের মধ্যে সালমান বড় ছিলেন। ছোটবেলায় তিনি ছিলেন কণ্ঠশিল্পী। ইমন নামে অভিনয় জীবন শুরু হয় বিটিভিতে শিশুশিল্পী হিসেবে।
১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন সালমান শাহ। তিন বছরে অভিনয় করেছেন মোট ২৭টি ব্যবসাসফল সিনেমায়। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে কেয়ামত থেকে কেয়ামত, তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্নেহ, প্রেমযুদ্ধ, কন্যা দান, দেন মোহর, স্বপ্নের ঠিকানা, আঞ্জুমান, মহা মিলন, আশা ভালোবাসা, বিচার হবে, এইঘর এই সংসার, প্রিয়জন, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়সী, স্বপ্নের নায়ক, শুধু তুমি, আনন্দ অশ্রু উল্লেখযোগ্য।
এসব সিনেমায় তার নায়িকা ছিলেন মৌসুমী, শাবনুর, লিমা, শাবনাজ, বৃষ্টি, শাহনাজ, শ্যামা প্রমুখ। কেয়ামত থেকে কেয়ামত সালমানের সঙ্গে মৌসুমীর অভিনয় এবং এই জুটি পরিচিত হলেও শাবনুরের সঙ্গে তার জুটিবদ্ধ সিনেমার সংখ্যা বেশি। এবং এই জুটিই বেশি জনপ্রিয় হয়ে ওঠে।
১৯৯৬ সালের আজকের এই দিনে ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেয়ার দেশে।












