১৯ মার্চ ২০২৬

আদিত্য নন্দীকে ছুরিকাঘাতের ঘটনায় ওয়ার্ড যুবলীগ সভাপতি গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামে কেন্দ্রীয় যুবলীগের উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দীকে ছুরিকাঘাতের ঘটনায় আবুল বশর নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বশর পাঁচলাইশ থানার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

রবিবার (২৪ জানুয়ারি) রাতে নগরীর ষোলশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল বশর মুরাদপুর বন গবেষণাগার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ মো. আবদুর রউফ বলেন, আবুল বাশারের সাথে আদিত্য নন্দীর পূর্বশত্রুতা ছিল। আমরা জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানাব।

এর আগে রবিবার দুপুরে যুবলীগের আয়োজনে মিছিল শুরুর আগে কথা কাটাকাটির জেরে যুবলীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দীকে ছুরিকাঘাত করা হয়। পরে আহত অবস্থায় আদিত্য নন্দী নগরীর একটি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান।

তবে ঘটনার পর মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু আদিত্য নন্দীকে ছুরিকাঘাতের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, নালায় পড়ে গিয়ে আদিত্য নন্দী আহত হয়েছেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন