৪ ফেব্রুয়ারি ২০২৬

আনোয়ারায় উদ্ধার হওয়া শিশু মোরশেদের অবস্থা সংকটাপন্ন

চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর মধ্যে ছোট ভাই মোরশেদের (২) শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে মোরশেদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে শিশুটিকে।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। আইসিইউতে যখন মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন দুই বছরের মোরশেদ, তখন বাইরে ওয়েটিং রুমে খেলায় মেতে আছে তার চার বছরের বড় বোন আয়েশা। সে জানে না তার ছোট ভাই কতটা সংকটাপন্ন অবস্থায় রয়েছে। তবে খেলার ফাঁকে ফাঁকে বারবার তার অবুঝ দৃষ্টি যেন খুঁজছিল ছোট ভাইকেই।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, উদ্ধার হওয়া দুই শিশুর সার্বিক দায়িত্ব জেলা প্রশাসক গ্রহণ করেছেন। উদ্ধারের সময় থেকেই মোরশেদ অসুস্থ ছিল। দীর্ঘদিন যথাযথ চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থা গুরুতর হয়ে ওঠে। চিকিৎসকরা সার্বক্ষণিক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

তিনি আরও জানান, বর্তমানে আয়েশা শারীরিকভাবে সুস্থ রয়েছে এবং দুই শিশুই জেলা প্রশাসন ও আনোয়ারা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আছে।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করেন স্থানীয় এক দম্পতি। বিষয়টি জানাজানি হলে মানবিক বিবেচনায় জেলা ও উপজেলা প্রশাসন শিশুদের দায়িত্ব নেয়।

পরে বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে বাঁশখালী উপজেলা থেকে শিশুদের বাবা খোরশেদ আলমকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি পারিবারিক কলহের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মহামনি এলাকায়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ