চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও স্তুপ করার দায়ে তিনটি বালু মহাল পরিচালনাকারীকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
পৃথক দুটি অভিযানে এ জরিমানা করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার বরুমছড়া ইউনিয়নের ভরা শঙ্খ নদীর রাবার ড্যাম এলাকায় প্রথম অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।
অভিযানে অবৈধ বালু মহাল পরিচালনার দায়ে বালু মহালের মালিককে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয় এবং একটি এক্সকাভেটরের ব্যাটারি জব্দ করা হয়। অবৈধ বালু উত্তোলন পয়েন্টে লাল পতাকা টানিয়ে সতর্কবার্তা দেওয়া হয়।
এদিকে একই দিন উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টাংগারপুল এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতারের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে অবৈধভাবে বালু স্তুপ করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় একটি ট্রাক ও একটি এক্সকাভেটর জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও স্তুপের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












