২ মার্চ ২০২৬

আনোয়ারায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫

আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে বারখাইন শোলকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, মোহাম্মদ ইমন (২৪), মো. রায়হান রানা (২৩), মোহাম্মদ হেলাল (৩০), মো. মাসুদ (২২) ও মোহাম্মদ মিনহাজ (২০)। তারা সবাই আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা যায়। এ সময় পুলিশের অবস্থান টের পেয়ে আরও ১০–১৫ জন পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় সম্রাটের বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি তলোয়ার, দুটি বড় ছুরি, একটি চাপাতি, একটি লোহার রড ও একটি চেইন জব্দ করা হয়।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে ডাকাতির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পলাতক আরও ১০–১৫ জনকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন