২ মার্চ ২০২৬

আনোয়ারায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্মাণাধীন একটি ছয়তলা ভবনে কাজ করার সময় মাচা ভেঙে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের গুন্দীপ ছাদেক আলী তালুকদার বাড়ির কালু সওদাগরের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন সিয়াম (১৯) ও মোহাম্মদ আনিস (২৫)। তাঁদের মধ্যে সিয়ামের বাড়ি কুষ্টিয়া জেলায় এবং আনিসের বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে। তাঁরা দুজনই নির্মাণ শ্রমিক হিসেবে ওই ভবনে কাজ করছিলেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, গুন্দীপ তোতাগাজী পাড়া এলাকার কালু সওদাগরের নির্মাণাধীন ভবনটিতে এক বছর ধরে কাজ করে আসছেন স্থানীয় বটতলী মোল্লাপাড়া এলাকার ঠিকাদার মোহাম্মদ সৈয়দ নুর। রোববার সকালে দুই শ্রমিক নির্মাণাধীন ছয়তলা ভবনের বাইরের অংশে প্লাস্টারের কাজ শুরু করেন। কাজের একপর্যায়ে ভবনের দক্ষিণ পাশে মাচার ওপর দাঁড়িয়ে কাজ করার সময় হঠাৎ রেলিং ভেঙে পড়ে। এতে ভারসাম্য হারিয়ে মাচাসহ নিচে ধসে পড়লে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আনিসকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আশপাশের ভবনে কাজ করা শ্রমিকরা জানান, দুজনেই ভবনের বাইরের দক্ষিণ অংশে প্লাস্টারের কাজ করছিলেন। হঠাৎ রেলিং ভেঙে দুইজন নিচে মাচায় পড়ে যান। এরপর মাচাটিও ভেঙে যায়। ঘটনাটি খুব দ্রুত ঘটে যাওয়ায় কেউ কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে ওই ভবনের ঠিকাদার সৈয়দ নুরের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুনতাসির জাহিন বলেন, দুই নির্মাণ শ্রমিককে হাসপাতালে আনা হলে তাঁদের মৃত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন