চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সুমি আক্তার (২৮) ও তার দেড় বছর বয়সী মেয়ে ওয়াসিহা আক্তারের রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল চারটার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক এলাকায় সরকারি আশ্রয় প্রকল্পের একটি বসতবাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পরিবারের অন্যান্য সদস্যরা ঘরে প্রবেশ করলে মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত সুমির বাবার বাড়ি কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায়। বিবাহসূত্রে তার স্বামী মোহাম্মদ মিজান (২৫) পটিয়া উপজেলার কৈয়গ্রাম মালিয়ারা এলাকার মোহাম্মদ আলীর ছেলে বলে জানা গেছে। দাম্পত্য জীবনে স্বামীর সঙ্গে বিভিন্ন সময়ে মনোমালিন্য হয় এবং সুমিকে মারধর ও নির্যাতনের ঘটনা ঘটেছিল বলে জানান তার বোন।
নিহতের বড় বোন বেবি আক্তার অভিযোগ করে বলেন, “আমার বোন আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই তাকে নির্যাতন করা হচ্ছিল।”
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।












