২৪ ফেব্রুয়ারি ২০২৬

আনোয়ারায় মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইকালে জনতার হাতে আটক ৩

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের গোদারগোড়া এলাকায় ঘটনাটি ঘটে।

আটককৃতরা হলেন মো. সেলিম (৩০), মো. হৃদয় (২৮) ও মো. সাজ্জাদ (২৫)। আটক ব্যক্তিরা সবাই আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ভুক্তভোগী অটোরিকশা চালক মোহাম্মদ ইলিয়াস (৩০) বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের পুরাতন মাদ্রাসার বড় বাড়ির মনির আহমদের ছেলে।

জানা যায়, অটোরিকশা চালক মো. ইলিয়াসকে বটতলী রুস্তমহাট বাজার থেকে গোদারপাড় এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা তিন ছিনতাইকারী তার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এ সময় ছুরিকাঘাত করে তার কাছ থেকে অটোরিকশাসহ একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

আহত অবস্থায় ইলিয়াস চিৎকার করলে স্থানীয়দের সহযোগিতায় একটি সিএনজি অটোরিকশা নিয়ে ছিনতাইকারীদের প্রায় ৭ কিলোমিটার ধাওয়া করা হয়। পরে জুঁইদণ্ডী হয়ে রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে পৌঁছালে জনতা তিনজনকে আটক করে। এ সময় আটককৃতরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বলে স্থানীয়রা জানান।

স্থানীয়রা জানান, সরেঙ্গা গ্রামে এসে অটোরিকশাটি একটি গর্তে আটকে উল্টে যায়। পেছনে ধাওয়া করে আসা মোটরসাইকেল ও সিএনজিতে থাকা লোকজন জানান, অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তাদের চারজনের মধ্যে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। অন্যজন পালিয়ে যায়। আটককৃতরা আগেও এমন কর্মকাণ্ডে লিপ্ত ছিল বলে স্বীকার করেছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে তিন ছিনতাইকারীকে জনতা আটক করে। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ