৪ ফেব্রুয়ারি ২০২৬

আনোয়ারায় শীর্ষ সন্ত্রাসীকে নিয়ে বিএনপি প্রার্থীর পুত্রের গণসংযোগ: জনমনে আতঙ্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজামের পাশাপাশি প্রচারণা চালাচ্ছেন তাঁর পুত্র সাহওয়াজ জামাল নিজাম সনি। তবে এই প্রচারণায় এলাকার শীর্ষ সন্ত্রাসী আখতার হোসেনকে সঙ্গে রাখায় তাঁর বিরুদ্ধে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে আনোয়ারা উপজেলার উত্তর বন্দর এলাকায় গণসংযোগকালে ওই শীর্ষ সন্ত্রাসীকে তাঁর সঙ্গে দেখা যায়। এতে ওই গ্রামের সাধারণ মানুষের মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা যায়, শীর্ষ সন্ত্রাসী আখতার হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নির্যাতনের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। বিভিন্ন সময় তাঁর নেতৃত্বে অস্ত্রের মহড়া দিয়ে মানুষকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। তাঁর বিরুদ্ধে আনোয়ারা ও কর্ণফুলী থানায় ১০টি মামলা রয়েছে।

দীর্ঘদিন তাঁর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। গত ৫ আগস্ট (২০২৪) আওয়ামী লীগ সরকারের পতনের পর জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছিল। তবে বিএনপির গণসংযোগে পুনরায় এই সন্ত্রাসীকে সক্রিয় দেখে জনমনে নতুন করে ভীতি সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগের আমলে আখতার হোসেনের অত্যাচারে তারা অতিষ্ঠ ছিলেন। বিএনপি ক্ষমতায় আসলে সে পুনরায় সক্রিয় হয়ে উঠবে বলে তারা আশঙ্কা করছেন। বর্তমানে বিএনপির প্রার্থীর পুত্রের সাথে তাঁকে ঘনিষ্ঠভাবে দেখা যাচ্ছে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আনোয়ারার রাজনীতিতে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তালিকাভুক্ত সন্ত্রাসীরা যদি এভাবে প্রকাশ্যে রাজনীতিতে সক্রিয় থাকে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন কতটুকু নিশ্চিত হবে।

এই বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, “বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ