চট্টগ্রাম-৮ আসনে জোটগত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে আনোয়ারায় ১১ দলীয় জোটের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর পক্ষে সব ধরনের প্রচার-প্রচারণা স্থগিতের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে আনোয়ারার কালাবিবির দিঘিস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জুবাইরুল আলম মানিক।
লিখিত বক্তব্যে জুবাইরুল আলম মানিক বলেন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চাঁদগাঁও) আসনে ১১ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে জুবাইরুল হাসান আরিফকে মনোনয়ন দেওয়া হয়। তবে ওই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আবু নাসের জোটের সিদ্ধান্ত উপেক্ষা করে নিজের মনোনয়ন প্রত্যাহার করেননি। বরং তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও অভিযোগ করেন, এ বিষয়ে জোটের কেন্দ্রীয় পর্যায়ে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে প্রতিবাদস্বরূপ চট্টগ্রাম-১৩ আসনে জোটের শরিক দল জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে এনসিপি সব ধরনের নির্বাচনী প্রচারণা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
জুবাইরুল আলম মানিক জানান, জোটের প্রার্থীর প্রচারণা স্থগিত করলেও আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জাতীয় নাগরিক পার্টির প্রচারণা যথারীতি অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণ জেলা কমিটি এবং আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।













