৬ মার্চ ২০২৬

আনোয়ারায় সন্ত্রাস, মাদক ও মাটি কাটার বিরুদ্ধে জিরো টলারেন্স — সরওয়ার নিজাম এমপি

চট্টগ্রামের আনোয়ারায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। পাশাপাশি অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানান তিনি।

‎বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা মিটিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‎সরওয়ার জামাল নিজাম বলেন, বিগত আওয়ামী সরকারের কিছু লোকজন ও আমাদের দলের নাম ভাঙিয়ে কিছু লোকজন থানা-পুলিশকে ম্যানেজ করে অপরাধ ও মাদক কারবারি করে। এসব কাজ বন্ধ করতে হবে। প্রশাসনকে সজাগ থাকতে হবে।

এছাড়া উপজেলায় অবৈধ মাটি কাটা বন্ধ করতে হবে। কোনো ফসলি জমি কাটা যাবে না। এসব বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিতে ইউএনও ও এসিল্যান্ডকে আহ্বান জানান।

‎তিনি আরও বলেন, সম্প্রতি সময়ে আনোয়ারার মাঝিমাল্লারা বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের হামলার শিকার হচ্ছে। এসব জলদস্যুদের চিহ্নিত করতে হবে। নিরাপদে মাছ ধরতে যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা করার আশ্বাস দেন তিনি।

‎উপজেলা প্রশাসনের আয়োজনে এই আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, থানা অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন এবং আনোয়ারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রেজাউল করিম সাজ্জাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ