৪ মার্চ ২০২৬

আনোয়ারায় সরকার হাট বাজারে সওজের অধিগ্রহণকৃত জায়গায় ইজারা না দিতে চিঠি

দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তর পশুর বাজার বসে আনোয়ারা উপজেলার সরকার হাট বাজারে। বাজারটি পটিয়া-আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-চকরিয়া সংযোগ সড়কের পাশে অবস্থিত। এদিকে সরকার হাট বাজার অংশে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগাধীন ভূমি অধিগ্রহণ করা জায়গায় বাজার ইজারা না দেওয়ার জন্য স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি প্রদান করেছে সওজ।

চিঠিতে উল্লেখ করা হয়, তৈলারদ্বীপ সেতুর সংলগ্ন এলাকায় এল.এ. মামলা ০৭/২০০০-২০০১ ইং মূলে বারখাইন মৌজায় ১৭.৬৮ একর ভূমি অধিগ্রহণ করা হয়। যে উদ্দেশ্যে ১৭.৬৮ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে, সেই উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে এবং অধিগ্রহণকৃত অবশিষ্ট ভূমি সেতু সংলগ্ন সড়কের বাম পার্শ্বে অপর একটি নতুন সেতু নির্মাণের জন্য প্রয়োজন। এছাড়াও সেতু নির্মাণকালীন সময়ে মালামাল রাখার জন্য উক্ত জায়গার প্রয়োজন। উক্ত ভূমিটি গেজেট প্রকাশিত হয়েছে এবং সওজের নামে নামজারিকরণ কাজ চলমান রয়েছে।

বৃহত্তর জনস্বার্থে যোগাযোগ ব্যবস্থা অক্ষুণ্ন রাখতে অধিগ্রহণকৃত বারখাইন মৌজার ১৭.৬৮ একর হতে ১.৪৬ একর ভূমি সওজ সম্পত্তি পুনঃগ্রহণ করার কোনো সুযোগ নেই। উক্ত জায়গা যদি ইজারা দেওয়া হয়ে থাকে, তবে বাজারের পুনঃইজারার সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের অধিগ্রহণকৃত ভূমি ব্যতীত ইজারা প্রদানের জন্য অনুরোধ করা হলো।

এদিকে সওজের অধিগ্রহণকৃত জায়গায় অবস্থিত সরকার হাট বাজারে আজ ইজারা প্রদান চলছে। এছাড়া সওজের জায়গা দখল করে ইজারাদার ব্যক্তিরা বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছেন।

পটিয়া সড়ক উপ-বিভাগের উপ-সহকারী আবু এহসান জানান, তৈলারদ্বীপ সেতু সংলগ্ন এলাকায় সওজের অধিগ্রহণকৃত জায়গায় পশুর বাজারের ইজারা দিয়ে আসছে। চলতি বছরে পুনরায় ইজারা প্রদান না করতে সওজের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি প্রদান করা হয়েছে। বর্তমান সড়ক প্রশস্তকরণের উন্নয়ন ও সেতুর কাজের টেন্ডার প্রক্রিয়া চলমান। এ বছরেই কাজ শুরু হবে।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, সরকার চাইলে হাটবাজারের ইজারা দিতে পারবে। সওজের অধিগ্রহণ হয়েছে অনেক আগে, কিন্তু কোনো কাজ করেনি তারা।

আরও পড়ুন