আনোয়ারা প্রতিনিধি »
কক্সবাজার থেকে মোটরসাইকেলে ইয়াবা নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন বাঁশখালীর দুই যুবক। আনোয়ারায় সতের লাখ দশ হাজার টাকা মূল্যের ৫ হাজার ৭শ পিস ইয়াবাসহ রুবেল বিশ্বাস (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার(২৮ মার্চ) সকালে উপজেলার বারখাইন ইউনিয়নের পিএবি সড়কের তৈলারদ্বীপ সরকার হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় মো. আরমান হোসেন (২৬) নামের অপর একজন পালিয়ে যায়। গ্রেফতার রুবেল বিশ্বাস বাঁশখালী উপজেলার নাপুরা বাজারের ১১ নং ওয়ার্ড হিন্দু পাড়া এলাকার মৃত উদ্ধভ বিশ্বাসের পুত্র। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানাযায়, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে একটি দল চট্টগ্রামে যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে পুলিশ উপজেলার বারখাইন ইউনিয়নের পিএবি সড়কের তৈলারদ্বীপ সরকার হাট এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল আটক করে। পুলিশের অবস্থান টের পেয়ে মো. আরমান হোসেন (২৬) নামের একজন পালিয়ে গেলেও রুবেল বিশ্বাস (২৫) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে মোটরসাইকেল তল্লাশি করে ১৭ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৫ হাজার ৭ শত পিচ ই্য়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবা বহনকারী মোটরসাইকেলটি জব্দ করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, গ্রেফতার রুবেল বিশ্বাস ও অপর এক যুবক কক্সবাজার থেকে বিক্রির উদ্দেশ্য ইয়াবা গুলো চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল। জিজ্ঞাসাবাদের রুবেল সেটি স্বীকার করেছে। তাকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।












