আনোয়ারা প্রতিনিধি»
আনোয়ারা উপজেলায় ৫ম ধাপের ইউপি নির্বাচনে ১০ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
১০ ইউনিয়নের মধ্যে তিন ইউনিয়নে আগেই বিনা প্রতিদ্বন্ধিতায় নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ৪ নং বটতলী ইউনিয়নে হাইকোর্টের আদেশে নির্বাচন স্থগিত হয়েছে। বাকী ছয় ইউনিয়নে গতকাল চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬ ইউনিয়নের মধ্যে পাঁচ ইউনিয়নে নৌকা আর বাকী ১ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। আনোয়ারার মোট ৮ ইউনিয়নে বিজয়ী নৌকার প্রার্থীরা হলেন ১ নং বৈরাগ ইউনিয়নে নোয়াব আলী, ২ নং বারশত ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ,৫ নং বরুমচড়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, ৬ নং বারখাইন ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হাসনাইন জলীল চৌধুরী শাকিল, ৭ নং আনোয়ারা সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান অসীম কুমার দেব, ৮ নং চাতরী ইউনিয়নে আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, ৯ নং পরৈকোড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ, ১০ নং হাইলধর ইউনিয়নে মো. কলিম উদ্দিন। স্বতন্ত্র বিজয়ী প্রার্থী হলেন রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিন শরীফ। তিনি ঘোড়া প্রতীকে নির্বাচিত হয়েছেন। বিজয়ী ৯ চেয়ারম্যান প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
উপজেলা রিটার্ণিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ বলেন বড় ধরণের কোনো ঘটনা ছাড়াই ১০ ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। বড় কোনো ঝামেলা না হওয়ায় কেনো ভোটকেন্দ্রে নির্বাচন স্থগিত করা হয়নি। আমরা চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছি। পরবর্তীতে গেজেট আকারে প্রকাশ করা হবে।
বাংলাধারা/এফএস












