৩১ মার্চ ২০২৬

আফগানিস্তানে রাস্তায় পাতা বোমা বিস্ফোরণে নিহত ৩৪, আহত ১৭

বাংলাধারা ডেস্ক »

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের আব খোরমা এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ৩৪ বাসযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ১৭ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (৩১ জুলাই) হেরাত ও কান্দাহারকে সংযোগকারী মহাসড়কের ফারাহ প্রদেশ অংশের আব খোরমায় এ ঘটনা ঘটেছে বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু ও নারী রয়েছে। মহাসড়ক ধরে বাসটি এগিয়ে যাওয়ার সময় রাস্তায় পেতে রাখা বোমার সঙ্গে বাসের চাকার সংঘর্ষে বোমাটি বিস্ফোরিত হয়।

ফারাহ প্রদেশ পুলিশের মুখপাত্র মোহিবুল্লাহ মোহিব বলেন, “আফগানিস্তান ও বিদেশি নিরাপত্তা বাহিনীগুলোকে লক্ষ্য করে তালেবান বিদ্রোহীরা বোমাটি পেতে রেখেছিল।” তালেবান নতুন করে বোমাটি পেতে রেখেছিল এবং সেটি শক্তিশালী হওয়ায় নিহতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন দেশটির সরকারি ও স্বেচ্ছাসেবক সংস্থাগুলোর কর্মকর্তারা।

বোমাটি তালেবান ‘পেতে রেখেছিল’, কর্মকর্তারা এমন দাবি করলেও তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। দেশটির কর্মকর্তাদের এমন বিবৃতির বিষয়ে প্রতিক্রিয়া জানতে তাৎক্ষণিকভাবে তালেবান কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

গত প্রায় ১৮ বছর ধরে চলা আফগান যুদ্ধ চলাকালীন আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে তালেবান দেশটির সবচেয়ে বেশি অংশ নিয়ন্ত্রণ করছে। তালেবান ও ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা প্রায় দৈনিকভিত্তিতে হামলা শুরু করায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই আরও নাজুক হয়ে উঠছে।

আগামী মাসে আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা আছে। এর আগে এবং মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তালেবান প্রতিনিধিদের শান্তি আলোচনা চলার মধ্যেই বেসামরিক যাত্রীদের ওপর প্রাণঘাতী এ হামলার ঘটনাটি ঘটলো।

আফগানিস্তানে সশস্ত্র জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সরকারি ও বিদেশি নিরাপত্তা বাহিনীগুলোর লড়াইয়ে চলতি বছরের প্রথম ছয় মাসেই অন্তত ৩ হাজার ৮১২ বেসামরিক লোক হতাহত হয়েছেন বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন