জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৯ এপ্রিল ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ নির্ধারণ করেন। প্যানেলের অপর সদস্যরা হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য এখন অপেক্ষমাণ রাখা হয় (সিএভি)।
আদালতে প্রসিকিউশনের পক্ষে বক্তব্য উপস্থাপন করেছিলেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম।
ওই সময় তিনি বলেন, এই মামলার সব আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। এখন ট্রাইব্যুনাল এই মামলা রায়ের জন্য অপেক্ষমাণ তালিকায় রেখেছেন। প্রসিকিউশন আশা করছে যে শিগগিরই এই মামলার রায় হবে।
৩০ জন আসামির মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ ২৪ আসামি পলাতক রয়েছেন।
অন্য ছয় আসামি কারাগারে আছেন। তারা হলেন- রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান, রেজিস্ট্রার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। ৬ আগস্ট এ মামলায় অভিযোগ গঠন করা হয়।












