১৩ মার্চ ২০২৬

আমফান : পাবনা থেকে মেঘালয়ের দিকে…

বাংলাধারা প্রতিবেদন »

সুপার সাইক্লোন আমফান বুধবার (২০ মে) সারারাত তাণ্ডব চালানোর পর বৃহস্পতিবার (২১ মে) ভোরে শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি এখন পাবনা অঞ্চলে আছে। এটি ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে এগিয়ে বৃহত্তর ময়মনসিংহের উপর দিয়ে বিকেল নাগাদ মেঘালয় পৌঁছাবে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার নাগাদ অনেক জায়গায় বৃষ্টিপাত হবে। পরিস্থিতি উন্নতি হবে আগামী সপ্তাহের শুরুতে।

ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এটি ধীরে ধীরে উত্তর ও উত্তরপূর্ব দিকে অগ্রসর হবে। এ সময় প্রথমে গভীর নিম্নচাপ, পরবর্তীতে নিম্নচাপ আকারে মেঘালয় পৌঁছাবে। সে সময় বাতাসে গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার। নিম্নচাপের প্রভাবে মেঘালয় ও আসামের অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে।

দক্ষিণ বঙ্গোপসাগরে গত ১৪ মে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি ১৬ মে ঘূর্ণিঝড় আমফানে রূপ নিয়ে ১৮ মে সুপার সাইক্লোনে পরিণত হয়। সুপার সাইক্লোনের কেন্দ্রে বাতাসের গতিবেগ ২২০ কিলোমিটারের বেশি হয়। আমফানের কেন্দ্রে যা ২৬৫ কিলোমিটার পর্যন্ত উঠে যায়। তবে ১৯ মে শক্তি হারিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসে এটি।

বুধবার (২০ মে) দুপুরে এটি পশ্চিমবঙ্গের দীঘা ও সাগরদ্বীপে আঘাত হানে, যখন এটির গতি ছিল ১৭০ কি.মি. পর্যন্ত। এরপর সুন্দরবন হয়ে বাংলাদেশের সাতক্ষীরা, পশ্চিমবঙ্গের ২৪ পরগনা হয়ে কলকাতাতেও সন্ধ্যা সাতটা নাগাদ আঘাত হানে। পরবর্তীতে ধীরে ধীরে আমফান বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে মেহেরপুর হয়ে। সে সময় বাতাসের গতিবেগ ১৩০ কি.মি. পর্যন্ত উঠে যায়।

সিডরের গতি নিয়ে এটি উপকূলের দিকে এগিয়ে আসলেও আঘাত হানে ২০০৯ সালের আইলার মতো। আইলাও একই পথে আঘাত হেনেছিল। সে সময়ও জোয়ার ছিল।

বলা হচ্ছে-সরাসরি বাংলাদেশে আঘাত হানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। তবে বাংলাদেশে অন্তত ১০ এবং পশ্চিমবঙ্গে অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে বলে খবর মিলেছে।

ঘূর্ণিঝড় আমফান বঙ্গোপসাগরে সৃষ্ট এ শতাব্দীর প্রথম কোনও সুপার সাইক্লোন। আর ভারত সাগরে সাম্প্রতিক সময়ের মধ্যে দ্বিতীয় সুপার সাইক্লোন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ