২০ অক্টোবর ২০২৬

‘আমরা আর্জেন্টিনা নয়, মেসির কাছে হেরেছি’— মেসির প্রশংসায় টুখেল

ইংল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সের পর ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেলের সামাজিক মাধ্যমে একাধিক মন্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া এসব বক্তব্যে মেসির ফুটবলীয় বুদ্ধিমত্তা, ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা এবং বিশ্বমঞ্চে তার প্রভাবের ভূয়সী প্রশংসা করা হয়েছে।

ভাইরাল বক্তব্যে টমাস টুখেল বলেন, ‘আমি ইতিহাসের সেরা কিছু ফুটবলারের বিপক্ষে কোচিং করিয়েছি, কিন্তু আজকের মতো রাতগুলোই মনে করিয়ে দেয় লিওনেল মেসি কেন অন্যদের থেকে আলাদা। আমরা পুরো সপ্তাহ ধরে তার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমাদের পরিকল্পনা ছিল, মার্কিং প্লেয়ার ছিল, নির্দেশনা ছিল… কিন্তু এর কোনোটিই যথেষ্ট ছিল না। সে তার দুটি অসাধারণ মুহূর্ত দিয়ে আমাদের শাস্তি দিয়েছে।’

টুখেল আরও বলেন, ‘আপনি তাকে ৮৫ মিনিট পর্যন্ত আটকে রাখতে পারেন, কিন্তু আপনার গড়া সবকিছু ধ্বংস করতে মেসির মাত্র পাঁচ সেকেন্ড লাগে। দুটি অ্যাসিস্ট, কোনো আতঙ্ক নেই, কোনো অপ্রয়োজনীয় মুভমেন্ট নেই— কেবল নিখুঁত ফুটবলীয় বুদ্ধিমত্তা।’

ভাইরাল মন্তব্যে মেসির খেলার ধরন নিয়ে আরও তিনি আরও বলেন, ‘মেসি কী করতে সক্ষম তা জানা এবং তাকে সত্যিই থামানো দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। সে এমন সব পাস দেখতে পায়, যা বিশ্ব ফুটবলের আর কেউ কল্পনাও করতে পারে না।’

এছাড়া তার বয়স নিয়েও প্রশংসা করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ‘৩৯ বছর বয়সেও তিনি খেলাটিকে নতুনভাবে সংজ্ঞায়িত করে চলেছেন। বিশ্বকাপের সেমিফাইনালে দুটি অ্যাসিস্ট করে নিজের দেশকে আরেকটি ফাইনালে নিয়ে গেছেন। আপনার চোখের সামনে ইতিহাস রচিত হচ্ছে।’

সবশেষে টুখেল বলেন, ‘আমরা শুধু আর্জেন্টিনার কাছেই হারিনি, আমরা লিওনেল মেসির কাছে হেরেছি। আর সে যদি আজকের রাতের মতো ফাইনাল খেলে, তাহলে বাকি বিশ্বের খুব চিন্তিত হওয়া উচিত।’

আরও পড়ুন