২০ মার্চ ২০২৬

আমিন আমিন ধ্বনিতে মুখরিত চুনতির সীরাত ময়দান

আরিফুল ইসলাম রিফাত  »

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতির অলিকুল শিরোমণি হযরত আলহাজ্ব শাহ্ সুফি মাওলানা হাফেজ আহমদ (র.আ.) প্রকাশ শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫০ তম সীরাতুন্নবী (সা.) মাহফিল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে চুনতির সীরাত ময়দানে এটি সম্পন্ন হয়। এতে জেলা-উপজেলার কয়েক লাখ ধর্মপ্রাণ মুসলমানেরা অংশগ্রহণ করেন।

ফজরের নামাজের আগে দীর্ঘ ২১ মিনিটের আখেরি মোনাজাত পরিচালনা করেন ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।

এসময় সীরাত ময়দান থেকে ভেসে আসতে থাকে আমিন আমিন ধ্বনি। সীরাত ময়দান ছাড়িয়ে আশপাশের এলাকাও আমিন আমিন ধ্বনিতে মুখরিত ছিলো।

এদিন মাহফিলের কার্যক্রম দুপুর থেকে শুরু হয়ে ফজর পর্যন্ত নির্ধারিত বিষয়ের উপর গুরত্বপূর্ণ আলোচনা পেশ করেন বায়তুশ শরফের পীর আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদভী, ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আহসান উল্লাহ সাইয়েদ, চট্টগ্রাম ওমর গণি এম.ই. এস কলেজের সাবেক অধ্যাপক ড. মাওলানা আ.ফ. ম. খালিদ হোসাইন, অধ্যাপক ড. হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বারাকাতি, ড. এনায়েত উল্লাহ আব্বাসী, ড. ঈসা শাহেদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার, পটিয়া আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার সহকারি পরিচালক আলহাজ্ব মাওলানা ওবায়দুল্লাহ হামযা, চুনতি হকিমিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শাহে আলম প্রমুখ।

প্রসঙ্গত, ঐতিহাসিক এই মাহফিল প্রতিবছর ১১ রবিউল আউয়াল শুরু হয়ে আখেরিতে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ২৯ রবিউল আউয়াল। প্রতিবছরের ন্যায় এবারও ২৯ অক্টোবর শুরু হয় এবং ১৬ নভেম্বর দিবাগত রাতে শেষ হয়।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন