বাংলাধারা ডেস্ক »
সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও দুর্নীতির দিকে আঙ্গুল তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সমাজের এই ‘অসুস্থতা’ নির্মূল করা হবে’। তাই সরকারের চলমান দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় স্পেনের মাদ্রিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় হোটেল ভিলা মাগনায় এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর ধরে দেশ শাসনকারীদের অপকর্মের কারণে অনেক ময়লা ও আবর্জনা জমে গেছে এবং মানুষের চরিত্রে ভাঙ্গন ধরেছে।
প্রধানমন্ত্রী বলেন, আমি বাংলাদেশের জনগণের একজন সার্বক্ষণিক কর্মী। আমি বিরামহীনভাবে কাজ করে যাচ্ছি যাতে শহর ও গ্রাম উভয় এলাকার মানুষ আমাদের কাজের সুফল পেতে পারে।
শেখ হাসিনা আরো বলেন, এক শ্রেনীর মানুষ ঘুষ-দুর্নীতিতে লিপ্ত হয়ে, সন্ত্রাস করে, লোকজনের সম্পদ ছিনিয়ে নিয়ে বিলাসী জীবন-যাপন করতে চায় এবং তারা বলতে চায় যে ‘মুই কি হনুরে’। কিন্তু আমরা চাই জনগণের মধ্যে এই ধরণের মানসিকতা থাকবে না এবং সমাজের এই অসুস্থতা নির্মূল করতে হবে।
শেখ হাসিনা বলেন, অসৎ পথে থেকে ‘বিরিয়ানি’ খাওয়ার চেয়ে সৎ পথে থেকে ‘নুন-ভাত’ খাওয়া অনেক ভাল। আমরা জাতির জনকের কাছ থেকে এই শিক্ষা পেয়েছি। আমাদের নতুন প্রজন্মকে এই শিক্ষা দিতে হবে।
শেখ হাসিনা বলেন, বিএনপি-জামাত সরকারের সময় বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এখন সে দুর্নাম ঘুচে গেছে।
প্রধানমন্ত্রী দেশের অদম্য অগ্রগতি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন যাতে বাংলাদেশকে আর কখনও পিছনে ফিরে তাকাতে না হয়। তিনি বলেন, আমরা পরিকল্পনা মাফিক কাজ করে যাচ্ছি যাতে আগামী প্রজন্ম একটি সুন্দর জীবন লাভ করে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












