চট্টগ্রামের মিরসরাইয়ে পেটে ছাদের রড ঢুকে মাশরুর ওয়াসিফ রায়ান (৯) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার সময় অসাবধানতাবশত পেছনে রডের উপর পড়ে গেলে তার পেটে রড ঢুকে যায়। আহত অবস্থায় তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাশরুর ওয়াসিফ রায়ান মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসা পার্শ্ববর্তী হাজী বদরুল আলমের বাড়ির মুসলিম উদ্দিনের বড় ছেলে। সে সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ভবনের ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার চেষ্টা করছিল মাশরুর ওয়াসিফ রায়ান। আম পাড়ার চেষ্টার এক পর্যায়ে অসাবধানতাবশত রেলিং থেকে পা ছিটকে ভবনের ছাদের কলামের রডের উপর পড়ে গেলে তার পেটে রড ঢুকে যায়।
মিঠাছড়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদুল করিম জানান, সন্ধ্যার দিকে মাশরুর ওয়াসিফ রায়ান নামে একটি শিশুকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার পায়ুপথ হয়ে পেটে রড ঢুকে যায় বলে জানায় পরিবারের লোকজন। তাৎক্ষণিক আমরা তার ইসিজিতে কোনো হার্টবিট না পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করি।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাফায়েত বলেন, জরুরি বিভাগে একটি শিশুকে নিয়ে আসা হয়। তার পায়ুপথ হয়ে পেটে রড ঢোকার আলামত রয়েছে। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।












