৮ ফেব্রুয়ারি ২০২৬

আলীকদমে সেনা জোনের উদ্যোগে প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে আলীকদম সেনা জোনের উদ্যোগে প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীত মৌসুমে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কষ্ট লাঘবের লক্ষ্যে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

রবিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) আলীকদম সেনা জোনের আওতাধীন আলীকদম বাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। এ সময় আরও উপস্থিত ছিলেন মেজর মো. আবুল হাসান পলাশ, পিএসসি, উপ-অধিনায়ক, আলীকদম জোন, আলীকদম বাজার কমিটির সভাপতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। অনুষ্ঠানে আনুমানিক ৮০ থেকে ৯০ জন প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষ অংশগ্রহণ করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন, এই এলাকার একজন মানুষও যেন অবহেলিত বা কষ্টে না থাকে এটাই আমাদের প্রধান লক্ষ্য ও অঙ্গীকার। সমাজের প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে সেনাবাহিনীর মানবিক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তিনি বলেন, পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সেনাবাহিনী এ অঞ্চলের মানুষের নিরাপত্তা, উন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনী ও আলীকদম সেনা জোনের এই মানবিক উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জানান। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ