৩০ মার্চ ২০২৬

আ’লীগ থেকে মনোনয়নপত্র নিলেন মহিউদ্দিনপত্নী

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মহিউদ্দিনপত্নী ও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তিনি আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয় থেকে এ ফরম সংগ্রহ করেন।

যারা ইতিমধ্যে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন- বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মো. আবদুচ ছালাম, চট্রগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খুরশিদ আলম সুজন, চট্রগ্রাম মহানগর আওয়ামী সাবেক নেতা ও সাবেক প্রবাসী কল্যান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলে মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের আহ্বায়ক মো. ইউনুস, সাবেক প্যানেল মেয়র রেখা আলম, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও রাজনৈতিক সামরিক বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম, সদ্যপ্রয়াত চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মাইনুদ্দিন খান বাদলের স্ত্রী সেলিনা খান, আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, মো. ইনসান আলী।

মনোনয়ন প্রত্যাশী হাসিনা মহিউদ্দিন বাংলাধারাকে জানান, ‘রাজনীতি করি। তাই নির্বাচনের প্রতি আগ্রহ থাকাটাই স্বাভাবিক। তবে আগ্রহ থাকলেই তো হবে না। দলের সিদ্ধান্তের বিষয়ও তো রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে আমি নির্বাচন করতে প্রস্তুত।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে এ আগ্রহ প্রকাশের সময় এখনও আসেনি। দলে আমাদের অবস্থান ও সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা কতুটুক- সেটা দল জানে, মানুষও জানে। তাই এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না।’

দল থেকে মনোনয়ন পেলে নির্বাচন করার মতো প্রস্তুতি রয়েছে কি-না জানতে চাইলে হাসিনা মহিউদ্দিন বলেন, ‘মহিউদ্দিন চৌধুরী কোনো কিছুই প্রস্তুতি নিয়ে করেননি। তিনি মানুষের ওপর আস্থা ও বিশ্বাস রাখতেন। আমি একজন রাজনৈতিক কর্মী ও তার সহধর্মিণী হিসেবে তার কাছ থেকে এটাসহ অনেক কিছু শিখেছি। তাই মানুষের ওপর ভরসা রাখতে চাই। তারাই বিচার করবেন।’

মহিউদ্দিনপত্নী হাসিনা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করছেন। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন