বাংলাধারা বিনোদন »
‘আশীর্বাদ’ নামে একটি নতুন ছবিতে অভিনয়ের জন্য গত ১৬ আগস্ট চুক্তিবদ্ধ হয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। কিন্তু চুক্তির মাত্র দুদিনের মাথায় সেই ছবি থেকে নিজেকে সরিয়ে নিলেন অপু বিশ্বাস। কী এমন ঘটল যে, চুক্তিপত্র থেকে কালির দাগ না শুকোতেই এভাবে সরে আসলেন নায়িকা?
না, ছবির পরিচালনা কর্তৃপক্ষের সঙ্গে কোনো ঝামেলা নয়। অপু বলছেন, ‘করোনায় এখনো প্রতিদিন মানুষ প্রাণ হারাচ্ছে। বিষয়টি নিয়ে মা খুব চিন্তিত। তিনি এই মাসেই শুটিংয়ে যেতে দিতে চাচ্ছেন না। যেহেতু এ মাসেই ‘আশীর্বাদ’ ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। আমিও বিষয়টি নিয়ে চিন্তিত। কারণ কাজ শেষে বাসায় ফিরে সন্তান ও মায়ের সঙ্গে দেখা করতে হবে। তাই ছবিটির কাজ ছেড়ে দিতে হচ্ছে।’
‘আশীর্বাদ’ ছবিটি পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান মানিক। সরকারি অনুদানে এটি প্রযোজনা করছেন জেনিফার ফেরদৌস। ছবির কাহিনি এবং চিত্রনাট্যও তার লেখা। গত ১৬ আগস্ট রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রযোজক জেনিফারের সঙ্গে চুক্তিবদ্ধ হন অপু। কিন্তু সেই চুক্তি থেকে যে এত তাড়াতাড়ি নায়িকা মুক্তি চাইবেন, তা হয়তো ভাবতে পারেনি ‘আশীর্বাদ’ টিম।
এদিকে, করোনার কারণে দীর্ঘ সময় ধরে ঘরবন্দি সময় পার করছিলেন অপু বিশ্বাস। তবে আগামী মাস থেকে কাজে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। নায়িকার কথায়, আগামী মাস থেকে কাজ শুরু করব। আশা করছি এই কয়েকদিনে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে যাবে। আরও কয়েকটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। সেগুলোর কাজ আগামী মাস থেকে শুরু হবে।’
১৬ বছরের ক্যারিয়ারে শতাধিক ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। সেগুলোর বেশির ভাগই ব্যবসা সফল। অপু শেষ কাজ করেছেন দেবাশীষের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিতে। এখানে তিনি প্রথমবার জুটি বেঁধেছেন বাপ্পী চৌধুরীর সঙ্গে। এছাড়া কলকাতার ‘শটকার্ট’ নামে একটি ছবিতেও তিনি অভিনয় করেছেন। দুটি ছবিই রয়েছে মুক্তির অপেক্ষায়।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












