২০ মার্চ ২০২৬

আহমদ শফীর জানাজায় আসার পথে সড়ক দুর্ঘটনায় আহত ৫

সীতাকুণ্ড প্রতিনিধি »

আল্লামা শাহ আহমদ শফীর জানাজায় অংশ নিতে যাওয়ার সময় সীতাকুণ্ডে মাইক্রোবাসের সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনায় ৫যাত্রী আহত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৬ টার দিকে সীতাকুণ্ড উপজেলার বড়দারোগারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার।

স্থানীয় সূত্রে জানা যায়, আল্লামা শাহ আহমদ শফীর জানাজায় অংশ নিতে হাটহাজারী যাওয়ার উদ্দেশ্যে চাঁদপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো ১৫- ৩৫৩৫) চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বড়দারোগারহাট এলাকা অতিক্রম করার সময় সড়কের উপর দাড়িয়ে থাকা একটি কার্ভাডভ্যান (চট্টমেট্রো ১৪-৩২৬৭) সাথে সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে মাইক্রোবাসে থাকা ৫জন আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এদিকে খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. শরীফুল ইসলামসহ ফায়ার সার্ভিস একটি টিম ঘটনাস্থলে পৌঁছান।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, শনিবার সকালে একটি যাত্রীবাহী মাইক্রোবাস কাভার্ডভ্যানের পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা ৫ যাত্রী আহত হন।তবে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তবে আমরা জানতে পেরেছি, আহতরা চাঁদপুর থেকে আল্লামা শফীর জানাজায় অংশ নিতে হাটহাজারীর উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন