বাংলাধারা প্রতিবেদন »
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ জনগণের দল। জনগণের ওপর নির্ভরশীল। আমাদের প্রার্থীর পক্ষে জনগণ আছে। আমাদের প্রার্থীর নিরাপত্তা জনগণ নিশ্চিত করবে।
সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পুলিশি নিরাপত্তা গ্রহণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা জনগণ থেকে বিচ্ছিন্ন, যাদের কোনো জনসম্পৃক্ততা নেই তাদের সিকিউরিটি প্রয়োজন।
বিএনপি ষড়যন্ত্রের পার্টি। তারা ঘুম থেকে উঠেই ষড়যন্ত্র দেখে। বিএনপির চোখ কখনও আলো দেখেনা। তাদের চোখ কখনও জনগণ দেখেনা। তারা ষড়যন্ত্রে বিশ্বাস করে। বিএনপি চক্রান্তই দেখবে বলে মন্তব্য করেন আহমদ হোসেন।
তিনি আরও বলেন, জনগণ ক্ষমতার উৎস। জনগণ ভোট দিলে আমরা জিতবো, ভোট না দিলে আমরা হারবো। জনগণের প্রতি আমাদের আস্থা রয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দীন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।
বাংলাধারা/এফএস/এইচএফ






