বাংলাধারা প্রতিবেদন »
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে (ইউএসটিসি) আর শিক্ষকতা না করার সিদ্ধান্ত নিয়েছেন অধ্যাপক মাসুদ মাহমুদ। তাঁর বক্তব্য, ‘বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর মধ্যে অপরাধপ্রবণতা কাজ করছে। তাঁরা আমার ওপর হামলাও করছে। এ অবস্থায় সেখানে আর না যাওয়ার কথা ভাবছি আমি।’
ইউএসটিসি সূত্র জানায়, তিন মাস আগে গুটিকয় শিক্ষার্থী ‘মিথ্যা’ অভিযোগ নিয়ে মাঠে নামার পর মাসুদ মাহমুদ বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন। কিন্তু বিভাগ থেকে সহকর্মীরা বারবার অনুরোধ এবং কোনো ঝামেলা হবে না এমন আশ্বাস দেওয়ার পর তিনি পুনরায় যাওয়া শুরু করেন। এর মধ্যেই ২ জুলাই কিছু শিক্ষার্থী তাঁকে লাঞ্ছিত করেন। তাঁদের মধ্যে একজন তাঁর গায়ে কেরোসিন ঢেলে দেন। এরপর থেকে তিনি বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন। মাসুদ মাহমুদের আশঙ্কা, এখন আবার বিশ্ববিদ্যালয়ে গেলে একই পরিস্থিতির শিকার হতে পারেন তিনি।
তিন বছর আগে ইউএসটিসির ইংরেজি বিভাগে যোগ দেন অধ্যাপক মাসুদ মাহমুদ। গত বছর তিনি বিভাগের উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর বিভাগের উন্নয়ন ও শৃঙ্খলা ফেরাতে বেশ কিছু পদক্ষেপ নেন। এর মধ্যে ছিল ৭৫ শতাংশ শ্রেণি উপস্থিতি নিশ্চিত করা। পাশাপাশি অদক্ষ শিক্ষকদের চাকরিচ্যুত করা। এতেই তাঁর বিপক্ষে চলে যান নিয়মিত ক্লাস না করায় পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা হারানো শিক্ষার্থীরা। আর তাঁদের ইন্ধন দেন চাকরিচ্যুত শিক্ষকেরা। এই শিক্ষার্থীরাই গত এপ্রিলে যৌন হয়রানির অভিযোগ এনে এই অধ্যাপকের বিরুদ্ধে মাঠে নামেন। যদিও বিশ্ববিদ্যালয়ের তদন্তে সেই অভিযোগ প্রমাণিত হয়নি।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












