১৪ মার্চ ২০২৬

ইতালিতে একটি বাসা থেকে বাংলাদেশী দুই ভাইয়ের লাশ উদ্ধার

বাংলাধারা ডেস্ক »

ইতালিতে একটি বাসা থেকে প্রবাসী দুই বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার করেছে সে দেশের পুলিশ।

তারা হলেন আব্দুল হাই (৪১) ও জমির উদ্দিন (৩৮)। সম্পর্কে তারা আপন দুই ভাই, তাদের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাজীপুর এলাকায় বলে জানান স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। খবর বিডিনিউজের।

রোববার দেশটির বাণিজ্যিক রাজধানী মিলানের রাজ্জিও নামক এলাকায় এ ঘটনা ঘটে। ইতালির বেশ কয়েকটি টিভি চ্যানেল ও পত্রিকায় এ খবর প্রকাশ করা হয়।

প্রবাসীরা জানান, ওইদিন সকালে শ্রীলঙ্কান এক নাগরিক তার পাশের বাসার জানালা দিয়ে একটি লাশ ঝুলতে দেখলে পুলিশের নাম্বারে ফোন করেন। পরে দরজা ভেঙ্গে পুলিশ বাসায় ঢুকে দুটি লাশ দেখতে পান। বাসার সামনের বাগান থেকে একটি রক্তাক্ত ছুরি উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, প্রথমে বড় ভাই হাইকে ছুরিকাঘাতে হত্যার পর আরেক ভাই অনুতপ্ত হয়ে নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এছাড়া তাদের আরেক ভাই কয়েক মাস আগে মিলানের ছেস্ত সানজোভান্নি এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান।

স্থানীয় বাংলাদেশিদের সূত্রমতে, ছোটভাই জমির প্রায়ই মদ্যপানে লিপ্ত থাকতেন আর বড় ভাই হাই তাকে এসব খেতে নিষেধ করলেও ছোট ভাই বিষয়টি এড়িয়ে যেতেন। আর এর জের ধরেই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছেন তারা।

এ বিষয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল সামচুল হক বলেন, “ঘটনাটি খুবই হৃদয়বিদারক। আমি বিষয়টি দূতাবাসে জানিয়েছি। পরিবার যদি চায় বাংলাদেশে লাশ পাঠাতে সহায়তা করবো আমরা।”

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ