১৮ মার্চ ২০২৬

ইভ্যালির ছাড়ার কারণ জানালেন তাহসান ও শবনম

বাংলাধারা বিনোদন »

ইভ্যালিতে ঢাকঢোল বাজিয়ে শুভেচ্ছাদূত হয়েছিলেন গায়ক-অভিনেতা তাহসান খান। অন্যদিকে অভিনেত্রী শবনম ফারিয়া ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন। তবে ইভ্যালি প্রধানকে গ্রেফতারের পর তাদের বিষয়েও কথা উঠেছে। তবে তারা জানিয়েছেন যে, ইভ্যালির সঙ্গে তারা অনেক আগেই সম্পর্ক ছিন্ন করেছেন।

গেল ১০ মার্চ ‘ইভ্যালি’র ‘ফেইস অব ইভ্যালি’ (শুভেচ্ছাদূত) ঘোষণা করা হয় তাহসান খানকে। তাহসান ‘ইভ্যালি’র শুভেচ্ছাদূত হওয়ার পরের মাসে প্রতিষ্ঠানটি বিতর্কিত কর্মকাণ্ডে গ্রাহকের তোপের মুখে পড়তে থাকে। সবদিক বিবেচনা করে মে মাসের মাঝামাঝি সময়ে ইভ্যালি সঙ্গে যাবতীয় চুক্তি বাতিল করেন তিনি। গত ১৫ মে সাবেক স্ত্রী মিথিলার সঙ্গে একটি লাইভ শোতে এসেছিলেন তাহসান। সেটিই ছিল ইভ্যালির সঙ্গে তাহসানের শেষ কাজ।

এ বিষয়ে তাহসান জানান, চুক্তি বাতিলের নন ডিসক্লোজার শর্ত অনুযায়ী তিনি এর বেশি কিছু জানাতে চান না। তিনি বলেন, ‘ইভ্যালির সঙ্গে তিনি নেই এটা নিশ্চিত’।

প্রতিষ্ঠানটির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। প্রতিষ্ঠানটি থেকে তিন মাসে এক টাকাও পাননি বলে অভিযোগ এ অভিনেত্রীর। আর এ কারণেই প্রায় এক মাস আগে ইভ্যালি থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে শবনম ফারিয়া বলেন, ‘ইভ্যালির সঙ্গে অফিসিয়ালি তিন মাস কাজ করলেও কোনো বেতন পাইনি। আমি যোগদানের পর থেকেই জানতে পারি ভেতরে বেতন নিয়ে সমস্যা চলছিল। তাই তিন মাস কাজের পর আগস্টের শেষ সপ্তাহে চাকরি ছেড়ে চলে আসি। ’

অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনকে বৃহস্পতিবার বিকেলে আটক করেছে র‍্যাব। এর আগে বুধবার রাতে তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে গুলশান থানায় প্রতারণার মামলা দায়ের করেন একজন গ্রাহক। তাদেরকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।

বাংলাধারা/এআই

আরও পড়ুন