ইফতেখার হোসেন »
জয়ের ধারাবাহিকতায় রামপুর একাদশ ইস্পাহানি পাইওনিয়র ফুটবল লীগের ফাইনালে খেলার স্থান করে নিয়েছে। নির্ধারিত সময়ে ফলাফল না আসায় ট্রাইব্রেকারে জয়ী হয়ে ফাইনালে পৌঁছেছে রামপুর একাদশ।
বুধবার (২০ নভেম্বর) বিকালে দামপাড়া পুলিশ লাইন খেলার মাঠে অনুষ্ঠিত নির্ধারিত সময়ে রামপুর একাদশ বনাম আবর্তন গোষ্ঠীর মধ্যকার খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থাকলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। সেখান থেকে ৪-২ গোলে জয় পায় রামপুর একাদশ। রামপুর একাদশের এই জয়ের ফলে সেমিফাইনাল থেকে সরে পড়ে আবর্তন গোষ্ঠী।

রামপুর একাদশের চেয়ারম্যান আব্দুস সবুর লিটন বাংলাধারাকে বলেন, আবর্তন গোষ্ঠীর বিপক্ষে অসাধারণ খেলেছে আমার টীম রামপুর একাদশ। রক্ষণভাগ ভালো করেছে। কাউন্টার অ্যাটাকে গোল করেছে। আরও ঠাণ্ডা মাথায় খেললে আরও গোল করতে পারত রামপুর একাদশ। তবে খুব ভালো খেলেছে। ইনশাআল্লাহ ফাইনালেও আমরা জিতবো বলে আশা করছি। ভবিষ্যতে রামপুর একাদশকে আরো শক্তিশালী দল হিসেবে গড়ে তুলতে আমার আশা রয়েছে।

প্রসঙ্গত, ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের পৃষ্ঠপোষকতায় এবং চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দামপাড়া পুলিশ লাইনস মাঠে ইস্পাহানি মহানগরী পাইওনিয়র ফুটবল লিগের খেলাটি গত ৫ সেপ্টম্বর দামপাড়া পুলিশ লাইন্স মাঠে উদ্বোধন করা হয়।
বাংলাধারা/এফএস/টিএম












