২৭ মার্চ ২০২৬

ঈদে নগরীতে ৩ স্তরের নিরাপত্তার ছক তৈরি করেছে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থা

বাংলাধারা প্রতিবেদন »

প্রতিবছরই ঈদের আগে ও পরে নগরীতে অপরাধ কর্মকাণ্ড তুলনামূলক বেড়ে যায়। ঈদের ছুটিতে সবাই গ্রামে চলে গেলে ফাঁকা নগরে অপরাধ সংঘটিত হয়। বিশেষ করে পশুর হাট এবং আবাসিক ও বাণিজ্যিক এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মলম-অজ্ঞান পার্টির তৎপরতা বেড়ে যায়। পাশাপাশি ঈদুল আজহার সময় চামড়া সন্ত্রাস ও পশুর হাটে চাঁদাবাজিসহ বেশকিছু অপরাধী চক্র সক্রিয় হয়ে ওঠে।

এবার ঈদুল আযহাকে কেন্দ্র করে নগরীতে গরুর হাট ও ঈদ জামাতের নিরাপত্তা সহ জনগণের জানমাল রক্ষায় তিন স্তরের নিরাপত্তার ছক তৈরি করেছে পুলিশ-র‌্যাব।

মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, বাড়ানো হয়েছে চেকপোস্ট ও টহল। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাসহ সব স্থানে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও গাড়ি তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এবার ঈদ মৌসুমে এসব অপরাধীদের ঠেকাতে সাদা পোশাকে এবং ভার্চুয়ালি নজরদারি বাড়ানোসহ নানা পদক্ষেপ গ্রহণ ও বেশকিছু পরামর্শ দিয়েছে পুলিশ সদর দফতর।

যে কোনো জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কন্ট্রোল রুম, থানা কিংবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সহযোগিতা নিতেও নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার বিপুলসংখ্যক সদস্যের সমন্বয়ে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন থানায় তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকছে। বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি। চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি, গাড়ি, ও ম্যানুয়াল চেকিংয়ের মাধ্যমে তল্লাশি করা হবে বলে জানিয়েছে সিএমপি।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন