২৫ মার্চ ২০২৬

উখিয়ায় ‘মানবপাচার চক্রের’ ৬ সদস্য আটক, উদ্ধার ৪৮ রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের উখিয়ায় ‘মানবপাচার চক্রের’ ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ভুক্তভোগী ৪৮ জন রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করা হয়। সোমবার (৪ এপ্রিল) রাতে উপজেলার ভূমি অফিসের সামনে থেকে তাদের আটক ও রোহিঙ্গাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ।

আটকরা হলো— টেকনাফের পুরান পল্লান পাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে ফজল আহমদ(৬৫), একই এলাকার মো. ইউনুছ প্রকাশ ফকিরের ছেলে মোহাম্মদ আলী জোহার (২৮), উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজম রাস্তা এলাকার মো. জালালের ছেলে ইমাম হোসেন(৩৫), বালুখালীর ভাদিতলা এলাকার মৃত আক্তার কামালের ছেলে মোহাম্মদ রুবেল (১৯) এবং জিয়াবুর হকের ছেলে মো. জুবায়ের (২০), রাজাপালং ইউনিয়নের হাজম রাস্তা এলাকার আয়ুব আলীর ছেলে মো. আয়াছ (১৯)৷

বিষয়টি নিশ্চিত করার উখিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মেদ সঞ্জুর মোরশেদ বলেন, আটক হওয়ারা আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে মানবপাচার করে আসছিল। অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে উখিয়া থেকে ৪৮ রোহিঙ্গা নারী পুরুষকে উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, এত কড়াকড়ির পরও মানবপাচারের মতো ঘৃণ্য অপরাধ থেমে নেই। চক্রের টার্গেট এখন রোহিঙ্গারা। আর তাদের পাতা জালে জড়িয়ে অবৈধপথে পাড়ি দিতে গিয়ে জীবনের ঝুঁকি নিচ্ছে এসব মানুষ। পাচারকারীরা বিভিন্ন জায়গায় চাকরি এবং রোহিঙ্গা নারীদের বিয়ের প্রলোভন দেখিয়ে সহজ-সরল এই মানুষগুলোকে ফাঁদে ফেলে নিয়ে যাচ্ছে অন্ধকার জগতে।

ওসি আরও বলেন, উদ্ধারকৃত রোহিঙ্গা নারী পুরুষেরকে আইনী প্রক্রিয়া শেষে ট্রানজিট ক্যাম্পে প্রেরণ করা হবে৷ এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে৷

আরও পড়ুন