কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের উখিয়ার রেজু আমতলী মিয়ানমার সীমান্তে ইয়াবা কারবারির সাথে বিজিবি সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। বিজিবির এক গুলিতেই ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ফেলে মিয়ানমার পালিয়েছে ইয়াবা কারবারিরা।
সোমবার (৬ ডিসেম্বর) দিনগত রাত ৮টার দিকে রাজাপালং ইউপি’র গোলডেবার পাহাড় এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
কক্সবাজার ৩৪ বিজিবির কমান্ডার লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদে খবর আসে মিয়ানমার থেকে ইয়াবার একটি বিশাল চালান রেজু আমতলী বিওপি’র আওতাধীন গোলডেবার পাহাড় দিয়ে দেশে ঢুকছে। এমন খবরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুআমতলী বিওপি’র একটি চৌকস টহল দল গোলডেবার পাহাড় নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। রাত ৮ টার দিকে কতিপয় ইয়াবা পাচারকারীরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে বিজিবি টহল দলের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে। বিজিবি টহলদল কৌশলগত অবস্থান নিয়ে জান-মাল এবং সরকারি সম্পদ রক্ষার্থে চোরা কারবারিদের লক্ষ্য করে এক রাউন্ড পাল্টা ফায়ার করলে চোরাকারবারিরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ের গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৩ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও জানান, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি হতে চলতি সময় পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৫ লাখ ৭১ হাজার ২৩৭ পিস বার্মিজ ইয়াবাসহ ২০৩ জন আসামি আটক করা হয়েছে।












