জেলা প্রতিনিধি, কক্সবাজার»
কক্সবাজারের উখিয়ার পালংখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে অর্ধলাখ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার করেছে র্যাব-১৫। শনিবার (১৯ মার্চ) উখিয়ার পালংখালী বাজারের উত্তর পার্শ্বে কেদারঘোনা ব্রীজ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলো, উখিয়ার পালংখালীর পশ্চিম নলবুনিয়া, কালুবড়ঘোনার মৃত সৈয়দুর রহমানের ছেলে মোঃ ইয়াসিন (২২), একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে এনামুল হক (৩৫)।
র্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার (ল’ এন্ড মিডিয়া) এএসপি মো. বিল্লাল উদ্দিন জানান, একদল মাদক করবারি মাদকের চালান পাচার করছে, গোপন সংবাদে এমন খবর পেয়ে উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ পালংখালী বাজারের উত্তর পার্শ্বে কেদারঘোনা ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে ইয়াসিন ও এনাম নামে দুজনকে ধৃত করে। তাদের দেহ ও হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।












