২০ মার্চ ২০২৬

এইচএসসি ফল তৈরিতে নীতিমালা হচ্ছে

বাংলাধারা ডেস্ক »

এইচএসসি-সমমানের ফল তৈরিতে নীতিমালা করা হচ্ছে । নীতিমালার আলোকে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হবে। ইতিমধ্যে পরীক্ষার ফলাফল তৈরির কাজ শুরু হয়েছে। ফলাফল তৈরি করতে জিপিএ গ্রেড নির্ণয়ের রূপরেখা করে চলতি মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে গ্রেড মূল্যায়ন টেকনিক্যাল কমিটি।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও গ্রেড মূল্যায়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য জানান।

তিনি আরো বলেন, জেএসসি-জেডিসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি-সমমানের ফলাফল প্রকাশ করা হবে। আগের দুই পরীক্ষার ফলের ওপর শিক্ষার্থীর গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে আট সদস্যের এ কমিটিতে ঢাকা বোর্ডের চেয়ারম্যানকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাতীয় বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের প্রতিনিধি এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে সম্প্রতি এ বছরের এইচএসসি-সমমানের পরীক্ষা বাতিল করা হয়। জেএসসি ও এসএসসির ফলাফলের গড়ের মাধ্যমে নির্ধারণ করা হবে এবারের এইচএসসির ফল। গত ৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বাংলাধারা/এফএস/ ওএস/এআর

আরও পড়ুন