২১ ফেব্রুয়ারি ২০২৬

একুশের ভাষা শহীদদের প্রতি সিইউজের শ্রদ্ধা নিবেদন

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক সবুর শুভ, সহ-সভাপতি সাইদুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক ও যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সিইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক মো. সরোয়ার আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম এবং সিইউজের সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্যে সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, মহান একুশে আমাদের মাতৃভাষা কেন্দ্রিক জাতীয়তাবাদের চেতনা তথা দেশপ্রেমের শিক্ষা দেয়।

বৈষম্যের বিরুদ্ধে অধিকারবোধ জাগ্রত করে অসাম্প্রদায়িক ও কল্যাণরাষ্ট্র গড়ার স্বপ্নকে এগিয়ে নেয় একুশের চেতনা। আগামীর বাংলাদেশ বিনির্মাণেও এই চেতনাকেই ধারণ করতে হবে।

তিনি ভাষা আন্দোলনে গণমাধ্যমের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করে বলেন, প্রভাতফেরির অমর গান রচনায় ও সুরারোপে আব্দুল গাফফার চৌধুরী ও আলতাফ মাহমুদসহ সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, একুশের চেতনা বাঙালির আত্মপরিচয়, অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যের বিরুদ্ধে অমর প্রেরণা। একটি অসাম্প্রদায়িক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের স্বপ্নকে দৃঢ় করে মহান একুশে। ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের গণতন্ত্র, মানবিকতা ও সাম্যের চর্চাকে এগিয়ে নিতে অনন্য ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষায় সাংবাদিক সমাজ সবসময় সচেষ্ট থাকবে।

উল্লেখ্য, পৃথিবীতে ভাষার জন্য জীবন উৎসর্গের একমাত্র নজির বাংলাদেশ এই ইতিহাস বাঙালির গর্ব ও প্রেরণার উৎস।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ