২৬ ফেব্রুয়ারি ২০২৬

ভুয়া অর্ডারে বড় ক্ষতি

ভুয়া অর্ডারের ফাঁদে ‘ভাণ্ডারী ওরশ বিরিয়ানি’, বিপাকে ব্যবসায়ী

চট্টগ্রামের কর্ণফুলীতে ভুয়া পরিচয়ে বিপুল পরিমাণ খাবারের অর্ডার দিয়ে এক রেস্টুরেন্টের প্রায় ১৬ হাজার টাকার ক্ষতি করার অভিযোগ উঠেছে রেজাউল করিম নামক এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী ভাণ্ডারী ওরশ বিরিয়ানির সহকারী ম্যানেজার মোহাম্মদ সোহেল (২৮) কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং ১১৪১।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম।

ঘটনাসূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি বিকেল আনুমানিক ৪টা ৩৪ মিনিটে ০১৩৩০৬৮৬৪৩৮ নম্বর থেকে ভাণ্ডারী ওরশ বিরিয়ানি রেস্টুরেন্টে কল করে নিজেকে মো. রেজাউল করিম পরিচয় দিয়ে শান্তিরহাট আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ঠিকানা উল্লেখ করে খাবারের অর্ডার দেন।

খাবারের অর্ডারে ছিল ৪০টি গরুর পোলাও/বিরিয়ানি, ২০টি মেজবানি, ১০টি নলা, ২ কেজি গরুর মাংস, ২ লিটার বোরহানি ও ২০টি দই।

রেস্টুরেন্টের সহকারী ম্যানেজার সোহেল দ্রুত খাবার প্রস্তুত করে বিকেল ৫টার দিকে গাড়িযোগে নির্ধারিত ঠিকানায় পাঠান, যাতে ইফতার করা যায়। তবে সেখানে পৌঁছে অভিযুক্তের নম্বরে কল দিলে রিং হলেও কল রিসিভ করা হয়নি এবং পরে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে শান্তিরহাট আল-আরাফাহ ইসলামী ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায়, ওই নামে কোনো ব্যক্তি সেখানে কর্মরত বা সংশ্লিষ্ট নন।

ভুক্তভোগী সূত্রে আরও জানা গেছে, অর্ডারদাতা নিজেকে হাজী প্লাজা ভবন, শান্তিরহাট বাজার, কালারপোলের বিপরীতে পটিয়ার ঠিকানা দিয়েছিলেন, যা যাচাই করেও সত্যতা মেলেনি।

দীর্ঘ সময় ঘোরাঘুরির পর খাবারগুলো রেস্টুরেন্টে ফিরিয়ে আনা হলে তা নষ্ট হয়ে যায়। এতে প্রায় ১৬ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন মোহাম্মদ সোহেল।

কর্ণফুলী থানার ডিউটি অফিসার এসআই মো. সাইদুর রহমান জিডিটি গ্রহণ করে স্বাক্ষর করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ওসি শাহীনূর আলম।

স্থানীয়রা বলছেন, এমন অমানবিক প্রতারণা বন্ধে রেস্টুরেন্ট মালিক ও ম্যানেজারদের আরও সতর্ক হওয়া জরুরি। বড় অর্ডারের ক্ষেত্রে অগ্রিম টাকা বা সরাসরি উপস্থিত হয়ে নিশ্চিতকরণের পর খাবার সরবরাহ করা উচিত। নচেৎ এ ধরনের ভুয়া অর্ডারে ব্যবসায়ীদের ক্ষতির ঝুঁকি থেকেই যায় বলে মন্তব্য স্থানীয়দের।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ