১৭ মার্চ ২০২৬

এলসিএল পণ্য চালান দ্রুত খালাসের উপর গুরুত্বারোপ

বাংলাধারা প্রতিবেদক »

পোশাক শিল্পের এলসিএল পণ্য চালান দ্রুত খালাসের লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন) এর সাথে বিজিএমইএ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কার্যালয়ে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী’র নেতৃত্বে উক্ত বৈঠকে বিজিএমইএ’র পরিচালক মিরাজ-ই-মোস্তফা কায়সার, প্রাক্তন পরিচালক অঞ্জন শেখর দাশসহ বিজিএমইএ’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্য বিধি প্রতিপালন পূর্বক কারখানার উৎপাদন কার্যক্রম পরিচালনা করে ক্রেতার চাহিদা মোতাবেক যথা সময়ে রপ্তানি সম্পন্ন করায় বর্তমানে বিদেশি ক্রেতা কর্তৃক রপ্তানি আদেশ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উক্ত রপ্তানি আদেশ সমূহ যথা সময়ে বাস্তবায়নে আমদানিকৃত পণ্য চালান বিশেষ করে এলসিএল পণ্য চালান দ্রুত খালাস করা জরুরী। বর্তমানে এলসিএল পণ্য চালান আমদানি বৃদ্ধির প্রেক্ষিতে বন্দরের অবকাঠামোগত সমস্যার কারণে বিভিন্ন জটিলতায় প্রচুর সময়ক্ষেপন হচ্ছে। ফলে রপ্তানিতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তিনি বন্দর জেটিতে অধিক সংখ্যক এলসিএল শেড নির্মাণ পূর্বক সর্বোচ্চ ২/৩ দিনের মধ্যে এলসিএল পণ্য চালান দ্রুত খালাসের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন) এনামুল করিম বলেন, চলমান করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যেও বিভিন্ন অবকাঠামোগত সীমাবদ্ধতার মধ্যেও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমদানী-রপ্তানি কার্যক্রম সার্বক্ষণিক ভাবে চালু রেখেছে। বর্তমানে এলসিএল পণ্যবাহী চালান বৃদ্ধির প্রেক্ষিতে নির্ধারিত সিএফএস শেড সমূহে স্থান সংকুলান না হওয়ায় আরো ২টি সিএফএস শেড বৃদ্ধি করা হয়েছে।

তিনি আমদানিকৃত এলসিএল পণ্য চালান সমূহ দ্রুত ডেলিভারি নেওয়ার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করার জন্য বিজিএমইএ’র নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। পোশাক শিল্পের জন্য আমদানিকৃত পণ্য চালান অগ্রাধিকার ভিত্তিতে খালাস এবং রপ্তানিতে কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে নির্ধারিত কাট-অফ-টাইম শিথিল করণে ব্যবস্থা করা হয়েছে মর্মে অবহিত করেন।

সভায় আরো বক্তব্য রাখেন বিজিএমইএ’র পরিচালক মিরাজ-ই-মোস্তফা কায়সার, প্রাক্তন পরিচালক জনাব অঞ্জন শেখর দাশ প্রমুখ। সভা শেষে বিজিএমইএ নেতৃবৃন্দ, পরিচালক (পরিবহন), চবক সহ বন্দর জেটিতে বিভিন্ন সিএফএস শেড পরিদর্শন করেন।

আরও পড়ুন