কক্সবাজার প্রতিনিধি »
মেজর সিনহা হত্যার ঘটনায় নানা কারণে সমালোচিত কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে বর বেশে বিদায় দিয়েছেন তার সহকর্মীরা। অবসরের যাবার আদলে বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের ব্যান্ড পার্টিসহ নানা ফুলে সজ্জিত গাড়িতে ফুলের রশি বেঁধে পুলিশ লাইনস থেকে টেনে বের করে তাকে বিদায় জানানো হয়েছে। বিদায়ী এসপি মাসুদ হোসেনকে রাজশাহীর জেলায় পদায়ন পেয়েছেন।
বিদায়কালে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মো. হাসানুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, পুলিশ সদস্য এবং সব কর্মচারীররা উপস্থিত ছিলেন। এসময় তাদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এদিকে পুলিশ সুপার মাসুদের বিদায়ের দিনে কক্সবাজারের ৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশে কর্মরত ৩৪ ইন্সপেক্টরকে (পরিদর্শক) একযোগে বদলি করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। বদলিকৃতদের ২৯ সেপ্টেম্বরের মধ্যে পুরোনো কর্মস্থল ছেড়ে দিয়ে ৩০ সেপ্টেম্বর রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে পোশাক পরে উপস্থিত হয়ে একটি ব্রিফিংয়ে উপস্থিত হতে বলা হয়েছে।
২৪ সেপ্টেম্বর কক্সবাজার আসা প্রজ্ঞাপন মতে, উখিয়া থানার ওসি মর্জিনা আক্তারকে সিলেট, মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌসকে বরিশাল, রামু থানার আবুল খায়েরকে রাজশাহী, চকরিয়ার ওসি হাবিবুর রহমানকে খুলনা, পেকুয়া থানার ওসি কামরুল আজমকে রংপুর, কুতুবদিয়া থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরীকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।
এ ছাড়াও রামু থানার পরিদর্শক রুমেল বড়ুয়াকে সিআইডি ঢাকা অফিসে, মিজানুর রহমানকে সিআইড ঢাকা, পেকুয়ার ওসি-তদন্ত মাঈন উদ্দিনকে বরিশাল, খোরশেদ আলমকে সিলেট, মো. একরামুল হককে বরিশাল, মো. আমিরুল ইসলামকে রংপুর, মানস বড়ুয়াকে ময়মনসিংহ, এসএম মিজানুর রহমানকে সিলেট, এসএম আতিক উল্লাহকে ঢাকা, মো. আবুল মনসুরকে বরিশাল, মো. ইয়াসিনকে এসএমপি সিলেট, মো. আনোয়ার হোসেনকে বরিশাল, মো. আরিফ ইকবালকে রাজশাহী, টেকনাফের ওসি-তদন্ত এবিএম দোহাকে খুলনা, নুরুল আলম মজুমদারকে বরিশাল, মো. আসাদ্দুজ্জামানকে রাজশাহী, মো. আলী আরশাদকে বরিশাল, মো. মাহবুব মোর্শেদকে সিলেট, রফিকুল ইসলাম খানকে বরিশাল, আমিনুল ইসলামকে এসএমপি সিলেট, জেলা আদালত পুলিশের ইন্সপেক্টর প্রদীপ কুমার দাশকে এসএমপি সিলেট, আনিসুর রহমানকে বরিশাল, কক্সবাজার সদর থানার ওসি-তদন্ত মো. মাসুম খানকে খুলনা, ফজলুল আলমকে বরিশাল, মো. মহিদুল আলমকে বরিশাল, রুপক চন্দ্র দাশকে বরিশাল, বদরুল আলম তালুকদারকে বরিশাল, মো. হাবিবুর রহমানকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মতিক্রমে পুলিশ সদস্যদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে উল্লেখিত স্থানে বদলি করা হয়েছে।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনকে এবং এর কয়েকদিন পর অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়।
প্রসঙ্গত, কক্সবাজারে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ওসি প্রদীপ কুমার দাশ এবং বরখাস্ত পুলিশ পরিদর্শক লিয়াকত আলীসহ সাতজনকে গ্রেফতার করা হলেও এ ঘটনায় ঘুরেফিরে কক্সবাজারের এসপি এ বি এম মাসুদ হোসেনের দায়িত্বহীনতার অভিযোগ ওঠে। সিনহার পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলায় এসপির নাম উল্লেখ করার আবেদন করলেও আদালত তা খারিজ করে দেন। এরপরই প্রথমে এসপি এবং পরে অন্যদের ক্রমান্বয়ে বদলি করছে হেডকোয়ার্টার।
বাংলাধারা/এফএস/এএ












